প্রাথমিকের বই ছাপা তদারক করবে সংসদীয় কমিটি
প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে যাতে কোনো দুর্নীতি না হয়, বইয়ে নিম্নমানের কাগজ ব্যবহার যাতে না হয় এবং সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার বিষয় তদারকি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আগের বছর প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ ব্যবহার করা হয়েছিল বলে সংসদীয় কমিটি আগের বৈঠকে অভিযোগ করেছিল এবং অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটির সদস্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং নজরুল ইসলাম, আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়াকে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, আজকের বৈঠকে উপকমিটির কর্মপরিধি নির্ধারণ করা হয়। তাতে বলা হয়েছে, উপকমিটি পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও বইয়ে উন্নত মানের কাগজ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করবে।
বৈঠকে কমিটি পাহাড়ি ভাতার মতো চর, হাওর ও চা বাগান এলাকার শিক্ষকদের ভাতা দেওয়ার নিয়ম চালু করার সুপারিশ করেছে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যাতে দ্রুত তাঁদের বেতন-ভাতা পেতে পারে সে জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার পদটিকে প্রথম শ্রেণির পদে উন্নীত করা হবে না। তাঁদের পদোন্নতি পেয়ে প্রথম শ্রেণিতে উন্নীত হতে হবে। উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তারা দীর্ঘদিন থেকে তাঁদের পদটিকে প্রথম শ্রেণির পদে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস সাংবাদিকদের বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তার সঙ্গে সংসদীয় কমিটি একমত পোষণ করেছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুত শুরু করার সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, নজরুল ইসলাম বাবু, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া অংশ নেন।