প্রাথমিকের বই ছাপা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা
বিনা মূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরের প্রায় ১১ কোটি পাঠ্যবই যথাসময়ে ছাপা শুরু করার কাজ আনুষ্ঠানিকভাবে অনিশ্চিত হয়ে গেল। কারণ, দরপত্রের মাধ্যমে ছাপার কাজ পাওয়া মুদ্রণকারীরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কাছ থেকে কাজ পাওয়ার চিঠি (নোটিশ অব অ্যাওয়ার্ড) গ্রহণ করেননি।
গতকাল বুধবার এ চিঠি মুদ্রণকারীদের হাতে দেওয়ার জন্য দিন নির্ধারিত ছিল। মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাতের নেতৃত্বে মুদ্রণকারীরা এনসিটিবিতে উপস্থিত থাকলেও নোটিশ অব অ্যাওয়ার্ড নিতে রাজি হননি। মূলত তাঁরা বিশ্বব্যাংকের দেওয়া শর্ত মেনে ছাপার কাজ করতে অস্বীকার করেন।
বিশ্বব্যাংকের অন্যতম শর্ত হলো ছাপা বই উপজেলায় পৌঁছার পর স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে এর মান যাচাই করা হবে। তারপর বিল পরিশোধ করতে হবে। বিশ্বব্যাংক পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করারও শর্ত দেয়।
এ অবস্থায় পয়লা জানুয়ারি শিশুদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে গেল বলে মনে করছে এনসিটিবি ও মুদ্রণকারীরা। এ জটিলতা থেকে বেরিয়ে আসার বিকল্প পথ কী জানতে চাইলে এনসিটিবির সচিব ইমরুল হাসান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে প্রথম দফায় বিজ্ঞাপন দেওয়ার পর দরপত্র জমা দেওয়ার জন্য ৪২ দিন সময় দিতে হয়। আর পুনঃদরপত্রের ক্ষেত্রে ২৮ দিন সময় দিতে হয়।
কিন্তু এনসিটিবি এবং মুদ্রণকারী দুই পক্ষই বলেছে, পুনঃদরপত্র দিয়ে সময়মতো বই ছাপা কঠিন হবে। তবে কেউ কেউ বিকল্প হিসেবে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার কথা বলছেন।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পালের বক্তব্য নেওয়ার জন্য গতকাল বুধবার বিকেলে তাঁর কার্যালয়ে গেলে তাঁকে দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায়। এ বিষয়ে তিনি বিস্তারিত কথা বলেও রাজি হননি। শুধু বললেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি।’
পরে এনসিটিবির সচিব ইমরুল হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা চেয়েছিলেন মুদ্রণকারীদের হাতে হাতে নোটিশ অব অ্যাওয়ার্ডটি তুলে দিতে। এ জন্য তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। হাতে গ্রহণ না করায় এখন বার্তাবাহকের মাধ্যমে সেটি পাঠানো হবে। এরপরও গ্রহণ না করলে পরবর্তী করণীয় ঠিক করতে হবে।
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংক যে শর্ত দিয়েছে, সেটা তাঁরা মানবেন না। দরপত্রের পর এ ধরনের শর্ত মানা যায় না। তিনি দাবি করেন, পদ্মার সেতুর মতো বই নিয়েও ষড়যন্ত্র হচ্ছে।
কাজ পাওয়ার চিঠি নেননি মুদ্রণকারীরা বিশ্বব্যাংকের শর্ত নিয়ে নাখোশ
২০১১ সাল থেকে প্রাথমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের একটি বড় অংশ বিদেশ থেকে ছাপিয়ে আনা হয়। কিন্তু দেশীয় মুদ্রণকারীরা এবার প্রাক্কলিত দরের প্রায় ৩২ শতাংশ কমে কাজ পান। এনসিটিবি শুধু প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপার জন্য ৩৩০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে। কিন্তু ২২টি মুদ্রণ প্রতিষ্ঠান ২২১ কোটি টাকায় দরপত্র জমা দেন।
এ অবস্থায় বইয়ের গুণগত মান নিয়ে শক্ত অবস্থান নেয় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক মনে করছে, কম দামে ছাপার কাজ দেওয়া হলে ভালো মানের বই নাও পাওয়া যেতে পারে। তাই প্রথমে দরপত্র বাতিলের কথা বলা হলেও পরে বিশ্বব্যাংক মুদ্রণকারীদের জন্য কয়েকটি শর্ত দিয়ে দেয়।
এ শর্তের পর বেঁকে বসেছেন সর্বনিম্ন দরদাতা হওয়া মুদ্রণকারীরা। তাঁরা হুমকি দিয়ে আসছেন, এ শর্তে তাঁরা কাজ করবেন না। প্রয়োজনে মামলা করবেন।
এনসিটিবির সচিব ইমরুল হাসান প্রথম আলোকে বলেন, ২ সেপ্টেম্বর পর্যন্ত নোটিশ অব অ্যাওয়ার্ড গ্রহণের সময় আছে। তাঁরা আশা করছেন, শেষ পর্যন্ত মুদ্রণকারীরা তা গ্রহণ করবেন।
এনসিটিবি সূত্র জানায়, নোটিশ অব অ্যাওয়ার্ড গ্রহণের পর পারফরম্যান্স গ্যারান্টি জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হবে। এরপর কাজের চুক্তি করা হবে। এরপর ৯০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। গতবার জুলাই মাসে নোটিশ অব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীম প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু টাকা দিই। দরপত্র, ছাপা ও বিতরণের কাজটি করে এনসিটিবি। সুতরাং করণীয় ঠিক করতে হবে এনসিটিবিকে। যদি এনসিটিবি সহায়তা চায়, সেটা আমরা করব।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এনসিটিবির সূত্র জানা, বিশ্বব্যাংক বই ছাপার জন্য সরাসরি টাকা দেয় না। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের মোট টাকার মধ্যে প্রায় ১৩ শতাংশ টাকা দেয় বিশ্বব্যাংকসহ ১০টি দাতা সংস্থা। সেই টাকার একটি অংশ প্রাথমিকের বই ছাপার জন্য ব্যয় করা হয়।
মাধ্যমিকের বই নিয়ে জটিলতা নেই: এনসিটিবির একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ি ও কারিগরি শিক্ষার জন্য প্রায় ২২ কোটি বই ছাপা হচ্ছে। এর মধ্যে তিন কোটি বই ছাপা হয়ে উপজেলা পর্যায়ে চলে গেছে। ঈদের আগে ১২ থেকে ১৪ কোটি বই ছাপা হয়ে যাবে। বাকি বইও সময়মতো ছাপা হয়ে মাঠপর্যায়ে চলে যাবে।