প্রাথমিকের বই ছাপা সবার জন্য উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক স্তরের জন্য ২০১২ সালে বিনা মূল্যের পাঠ্যবই ছাপার দরপত্রে স্থানীয় ও আন্তর্জাতিক—সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। চলতি বছর কেবলমাত্র প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যবই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ছাপানো হয়। কিন্তু গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব বই ছাপার দরপত্র সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১১টি সহপাঠ প্রসঙ্গে মাধ্যমিক স্তরে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক স্তরের সব বইয়ের মতো সহায়ক পাঠ্যবইও বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এর ফলে এ ধরনের বই নিয়ে একশ্রেণীর অসাধু প্রকাশক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতি বন্ধ হবে বলে মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা মনে করছেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দরপত্রের শর্ত অনুযায়ী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে যারা যোগ্য বিবেচিত হবে তারাই প্রাথমিক স্তরের বই ছাপার কাজ পাবে। প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আগামী বছর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বই ছাপার দরপত্র স্থানীয় ও আন্তর্জাতিক—সবার জন্য উন্মুক্ত থাকবে। দরপত্রে যারা টিকবে তারাই কাজ পাবে। সচিব আরও জানান, দরপত্র আহ্বান করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, সরকার চায় কম দামে মানসম্মত বই ছাপাতে। এ জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মতে, চলতি বছর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিনা মূল্যের বই ছাপা হয় ১০ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৪৭৫ কপি। আগামী বছরের জন্য এর চেয়ে আরও পাঁচ শতাংশ বেশি বই ছাপানো হবে। মাধ্যমিকের সহায়ক পাঠ্যবই বিনা মূল্যে দেওয়া হচ্ছে: আগামী বছর থেকে মাধ্যমিক স্তরের সহায়ক পাঠ্যবই বিনা মূল্যে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, আগামী বছর থেকে মাধ্যমিকের সহায়ক পাঠ্যবই বিনা মূল্যে দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, সব বই বিনা মূল্যে দিতে পারলে কয়েকটি বই শিক্ষার্থীদের না দেওয়ার যুক্তি নেই।