প্রাথমিকের শিক্ষক দিয়ে চলছে নিম্নমাধ্যমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার সারাই দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দুবছর আগে নিম্নমাধ্যমিকে পরিণত করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক ও অবকাঠামো রয়েছে আগের মতোই। দক্ষ শিক্ষক ও কক্ষসংকট ছাড়াও বিদ্যালয় ভবনও জরাজীর্ণ।
কাউনিয়া উপজেলা সদর থেকে পশ্চিমে ২৯ কিলোমিটার দূরে হারাগাছ পৌর এলাকার তিস্তা নদীর কোলঘেঁষে দর্জিপাড়া গ্রামে ১৯৪৫ সালে প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিদ্যালয়ের দুটি ভবনে সাতটি কক্ষ রয়েছে। দুটি ভবনের মধ্যে ১৯৯৫ সালে নির্মিত একটি ভবনের তিনটি কক্ষ ব্যবহার অনুপযোগী। এগুলোর ছাদ চুয়ে পানি পড়ে। প্লাস্টার খসে পড়ছে। ২০০৫-০৬ অর্থবছরে করা অন্য ভবনের চারটির মধ্যে দুটি কক্ষে গত মে মাসের ভূমিকম্পে ফাটলসহ মেঝে দেবে গেছে। তবু স্থান সংকটে এ ভবন দুটিতে চলছে যাবতীয় কার্যক্রম।
২০১৩ সালে ওই প্রাথমিক বিদ্যালয়টিকে ষষ্ঠ, গত বছর সপ্তম এবং চলতি বছর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ৫০২ জন। বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ও উচ্চতর শ্রেণি খোলা হলেও বিদ্যালয়ে শিক্ষকের পদ আগের মতোই আটটি আছে। তাঁরাই দুই শিফটে পাঠদান কার্যক্রম চালান।
বিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে কথা বলতে গেলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুরনাহার বলে, ‘পাশের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপবৃত্তি পায়। কিন্তু আমরা পাই না।’ অষ্টম শ্রেণির আঞ্জুমান আরা খাতুন বলে, আগামী নভেম্বরে তাদের চূড়ান্ত পরীক্ষা। কিন্তু তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না। কারণ, পাঠ্যপুস্তকের সৃজনশীল বিষয়গুলো শিক্ষকেরাও বোঝেন না।
প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, ‘বিদ্যালয়টি নিম্নমাধ্যমিকে উন্নীত করা হলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়েই চলছে নিম্নমাধ্যমিকের পাঠদান। নিম্নমাধ্যমিক পর্যায়ে পড়াতে গেলে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দরকার। তা ছাড়া এখন সব সৃজনশীল। আমরা এসব বুঝি না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওই প্রশিক্ষণ নেই। বিদ্যালয়ে অবকাঠামো, শিক্ষক ও বেঞ্চসংকট সমাধানে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কাজ হয়নি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘প্রাথমিক অধিদপ্তর থেকে ওই প্রাথমিক বিদ্যালয়টিকে নিম্নমাধ্যমিকে উন্নীত করা হলেও মাধ্যমিক অধিদপ্তর তা জানে না। তাই ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বা অন্য কোনো সুবিধা দেওয়া যায় না। ’