প্রাথমিকের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের সুপারিশ
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে, অফিস কক্ষে ও সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, সম্প্রতি স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল ভিয়েতনাম সফরে যান। সেখানে তাঁরা দেখেছেন, সে দেশের প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে তাদের জাতির স্থপতি হু চি মিনের ছবি প্রদর্শন করা হয়। এখান থেকে ধারণা নিয়ে আজ বৈঠকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের প্রস্তাব করা হয়। কমিটির সদস্যরা এতে সমর্থন দেন। পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটি স্কুল চলাকালে শিক্ষক যেন শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রধান শিক্ষকের কাছে তাঁর মোবাইল ফোন রেখে যান, সে সুপারিশ করে। এ ছাড়া পিইডিপি-৪ প্রকল্পের পরিধি আরও বাড়িয়ে দরিদ্রপ্রবণ উপজেলাগুলোর প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় শুকনো পুষ্টিকর খাবারসহ বিস্কুট বিতরণের সুপারিশ করে। জাতীয় পর্যায়ে ‘স্কুল ফিডিং পলিসি’ চূড়ান্ত করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহ করে স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সাংসদ সামশুল হক চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম বাবু, সাংসদ মো. আবুল কালাম, সাংসদ আলী আজম ও সাংসদ বেগম উম্মে রাজিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।