প্রাথমিকের সাবেক মহাপরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

আদালতের রায় বাস্তবায়ন না হওয়ায়  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামালসহ পাঁচ কর্মকর্তাকে তলব করেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চ্যুয়াল বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

১৪ ডিসেম্বর সকালে পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

সাবেক মহাপরিচালক ছাড়া অপর চার কর্মকর্তা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রমজান আলী, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মো. আবদুস সালাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম।

আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের পক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ।

পরে আইনজীবী আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে করা মামলার পরিপ্রক্ষিতে ২০১৭ সালের ৩ আগস্ট আপিল বিভাগ বিউটি বেগমকে জ্যেষ্ঠতা দিয়ে সহকারী শিক্ষক হিসেবে গাইবান্ধার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দিতে নির্দেশ দেন। ২০০৮ সালের ওই নিয়োগ পরীক্ষায় বিউটি প্রথম হলেও নিয়োগবঞ্চিত হন। অথচ দ্বিতীয় স্থান অধিকারী নাজমা সুলতানাকে নিয়োগ দেওয়া হয়।

আপিল বিভাগের রায়ের পরও বিউটি বেগম নিয়োগ পাননি বলে জানান তাঁর আইনজীবী আলতাফ হোসেন। তিনি বলেন, এ অবস্থায় আদালত অবমাননার আবেদন করেন বিউটি। যার পরিপ্রক্ষিতে গত ২ মার্চ আপিল বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আদালত অবমাননার রুল দেন। তাঁরা রুলের জবাবও দেননি।

আদালতের রায় বাস্তবায়ন না করা ও আদালত অবমাননার রুলের জবাব না দেওয়ায় আপিল বিভাগ আজ ওই পাঁচ কর্মকর্তাকে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী আলতাফ হোসেন।