প্রাদেশিক সরকার চালু ছাড়া দেশের মুক্তি আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, প্রাদেশিক সরকারব্যবস্থা চালু ছাড়া এ দেশের মানুষের মুক্তি আসবে না। কারণ, একজন প্রধানমন্ত্রীর পক্ষে ১৬ কোটি মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য দেশে প্রাদেশিক সরকারব্যবস্থা কায়েম করে জনগণের উন্নয়নে কাজ শুরু করতে হবে।দেশকে আটটি প্রদেশে ভাগ করার প্রস্তাব পুনর্ব্যক্ত করে এরশাদ বলেন, প্রাদেশিক সরকার গঠন ছাড়া রাজধানীর ওপর মানুষের চাপ কমানো যাবে না। তাই দেশকে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। দেশে কমপক্ষে আটটি ঢাকা থাকবে, যেখানে গেলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রাদেশিক সরকারব্যবস্থা নিয়ে এক গোলটেবিল আলোচনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন। প্রাদেশিক সরকারব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ‘বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন মোস্তফা জামাল হায়দার। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও কমিটির সাধারণ সম্পাদক সুনীল শুভ রায় এতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে প্রাদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনা শীর্ষক সিডির মোড়ক উন্মোচন এবং জাতীয় পার্টির নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়।এইচ এম এরশাদ বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে যানজট আর মামলাজট। এ অবস্থা থেকে উত্তরণ এবং প্রিয় নগর ঢাকাকে বাঁচাতে প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এ জন্য জনমত সংগঠিত করে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে।বাংলাদেশকে মোট আটটি প্রদেশে ভাগ করার প্রস্তাব রেখে এরশাদ আরও বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রাদশিক সরকারব্যবস্থার মাধ্যমেই উন্নত হয়েছে। ঢাকাকে ফেডারেল রাজধানী করে দেশের সাতটি বিভাগীয় শহরকে প্রাদেশিক সরকারের রাজধানী হিসেবে রূপান্তর এবং বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লাকে নিয়ে আরও একটি প্রদেশ গঠনের আহ্বান জানান তিনি।এরশাদ বলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে প্রাদেশিক সরকারপ্রধান হিসেবে একজন করে গভর্নর নিযুক্ত করতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট প্রদানসহ মধ্যবর্তী নির্বাচনব্যবস্থা রাখতে হবে। এ জন্য সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, সংবিধান সংশোধন নতুন কোনো ঘটনা নয়। স্বাধীনতার পর এ পর্যন্ত ১৪ বার সংবিধান সংশোধন করা হয়েছে। জাতীয় স্বার্থে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে আবারও সংবিধান পরিবর্তন করা যেতে পারে।