প্রাধান্য পাচ্ছে দেশি ডিজাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ঈদে তরুণ-তরুণীদের কাছে প্রাধান্য পাচ্ছে দেশীয় বুটিক হাউসের পোশাক। মিরপুরের একটি বুটিক হাউস থেকে ছবিটি তোলা l প্রথম আলো
এবারের ঈদে তরুণ-তরুণীদের কাছে প্রাধান্য পাচ্ছে দেশীয় বুটিক হাউসের পোশাক। মিরপুরের একটি বুটিক হাউস থেকে ছবিটি তোলা l প্রথম আলো

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিন বান্ধবী রাজধানীর মিরপুর ২ নম্বরের এক বুটিক হাউসে এসেছেন ঈদের জামা কিনতে। খোঁজ করছিলেন দেশীয় ডিজাইনের লম্বা ঝুলের কামিজ। মিরপুরের বুটিকপাড়ায় এবার প্রাধান্য পেয়েছে দেশীয় ডিজাইন। তাই একটু খুঁজতেই তাঁরা পেয়ে গেলেন মনের মতো পোশাক।
মিরপুর ২ নম্বর থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কের এক পাশজুড়ে সারি সারি বুটিকের দোকান। নামীদামি সব ব্র্যান্ডের পাশাপাশি নিজস্ব উদ্যোক্তাদের ছোট বুটিক হাউসও রয়েছে এ পাড়ায়। ঈদ উপলক্ষে দোকানগুলো দেশীয় ডিজাইনকে গুরুত্ব দিয়ে তাদের পসরা সাজিয়েছে। এ ছাড়া মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডের কাছাকাছি দূরত্বে থাকা আটটি বিপণিবিতানেও জমে উঠেছে ঈদের কেনাকাটা।
তিন বান্ধবীর একজন নাদিয়া শারমিন বললেন, নগরের বিভিন্ন বিপণিবিতানে ভারতীয় পোশাকের ছড়াছড়ি। আর সে পোশাকগুলোর
দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। কিন্তু মিরপুর বুটিকপাড়ার দোকানগুলোতে বিক্রি হওয়া পোশাকগুলো দেশীয় বুননের।
বুটিকপাড়ার অন্তত ১০ জন দোকানির সঙ্গে কথা বলে জানা গেল, মেয়েদের কাছে এবার ফ্লোর টাচ গাউন ও লং গাউনের চাহিদা বেশি। এর পাশাপাশি এবার লং কামিজও কিনছেন অনেকে। এগুলোর দাম ২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
মিরপুরের বাসিন্দারা একটা সময় ঈদের কেনাকাটা করতে ধানমন্ডি-নিউমার্কেট চলে যেতেন। মিরপুরেই সব ধরনের ব্র্যান্ডের দোকান, দেশীয় বুটিক হাউস গড়ে ওঠায় আর যানজটের কথা চিন্তা করে তাঁদের অনেকেই এখন আর ওমুখো হতে চান না।
পরিবারকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আকতার হোসেনও তাঁদের দলে। বললেন, ‘আগে ঈদের পোশাক কিনতে ধানমন্ডি-নিউমার্কেট যেতে হতো। কিন্তু এখন ঘরের কাছেই বড় বুটিকপাড়া গড়ে উঠেছে। দামও হাতের নাগালে। কয়েক বছর ধরে এ জায়গা থেকেই ঈদের কেনাকাটা করছি।’
বুটিক হাউসগুলোর অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের পাঞ্জাবি। এসব দোকানে মিলছে খাটো ও লম্বা ঝুলের পাঞ্জাবি। মান অনুযায়ী পাঞ্জাবির দামেও আছে হেরফের। সর্বনিম্ন ৮০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পাঞ্জাবির দাম রাখা হয়েছে।
এক বুটিক হাউসের বিক্রয় ব্যবস্থাপক খালিদ আহমেদ বললেন, এবার পাঞ্জাবিতে রঙের ব্যবহারে বৈচিত্র্য রয়েছে, অন্যদিকে গরমের কারণে সুতি কাপড়ের ব্যবহার করা হয়েছে বেশি। হালকা নকশা কিংবা নকশা ছাড়া শুধু ডিজাইনকে গুরুত্ব দিয়ে একরঙা পাঞ্জাবি কিনছেন তরুণেরা।