প্রাধিকারের সেবায় বনে ফিরে গেল গন্ধগোকুল
সামনের বাঁ পায়ে জখম ছিল। গুটিসুটি মেরে বাড়ির আঙিনায় বসেছিল। তাড়ালেও যাচ্ছিল না। এ অবস্থায় একটি পলো দিয়ে আটকে রাখা হলো। খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ সদস্যরা এটিকে উদ্ধার করে পুরো এক দিন চিকিৎসাসেবা ও খাবারদাবার দেওয়ার পর যেন প্রাণ ফিরে পায় গন্ধগোকুল।
গতকাল সোমবার দুপুরের দিকে সিলেটের সংরক্ষিত বনাঞ্চল খাদিমনগর জাতীয় উদ্যানের চম্পাবাগানে নিয়ে গেলে সেখান থেকে আপন গন্তব্যে চলে যায় গন্ধগোকুলটি।
প্রাধিকার সদস্যরা বলেন, নগরের উত্তর বাড়বাড়ি এলাকায় স্থপতি রিপন বিশ্বাসের বাসার আশপাশ এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান করছিল প্রাণীটি। গন্ধগোকুলটি অসুস্থ বুঝতে পেরে গত রোববার দুপুরে পলো দিয়ে তিনি আটক করেন প্রাণীটিকে। পরে চিকিৎসার জন্য প্রাধিকারের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, কোষাধ্যক্ষ সাহরুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদের কাছে দেওয়া হয়।
অসুস্থ গন্ধগোকুলটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে ভর্তি করে বিকেল থেকে চলে চিকিৎসা।