ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে এক মাস ধরে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রাধ্যক্ষ পরিষদের এক সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ও প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা। ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি উপলক্ষে ২২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ হয়ে যাবে। তবে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নিয়ে সম্প্রতি ভাঙচুর, অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটে। নানা ঘটনার জের ধরে বর্তমানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ। উপাচার্য, সহ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরাও ক্যাম্পাসে আসছেন না। এ পরিস্থিতিতে হলগুলো বন্ধ করে দিতে উপাচার্যের কাছে সুপারিশ করার ব্যাপারে প্রাধ্যক্ষ পরিষদের সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেছেন বলে জানা গেছে। প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই উপাচার্যের কাছে ওই সুপারিশ করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা হতে পারে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।