প্রাধ্যক্ষদের সঙ্গে উপাচার্যের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের প্রাধ্যক্ষদের পদত্যাগের গুঞ্জনের মধ্যে গতকাল বুধবার প্রাধ্যক্ষদের নিয়ে সভা করেছেন নতুন উপাচার্য মো. আখতারুজ্জামান। সভায় ১৯টি হলের প্রাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ এবং পাঁচটি হোস্টেলের ওয়ার্ডেনরা উপস্থিত ছিলেন। সেখানে উপাচার্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

গত বুধবার সকালে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর বিকেলে গুঞ্জন ছড়ায় অধ্যাপক আখতারুজ্জামানের নিয়োগের বিরোধিতা করে কয়েকটি হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদত্যাগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে হলগুলোর প্রাধ্যক্ষদের ‘স্ট্যান্ডিং কমিটি’র বৈঠক ডাকেন নতুন উপাচার্য।

প্রাধ্যক্ষদের মধ্যে অনেকেই সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সমর্থক হিসেবে পরিচিত। কেউ কেউ আখতারুজ্জামানের নিয়োগকে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশের লঙ্ঘন বলে মন্তব্য করেছিলেন।

সভায় উপস্থিত একাধিক প্রাধ্যক্ষ প্রথম আলোকে বলেন, সভায় প্রত্যেক প্রাধ্যক্ষ বক্তব্য দেন। তাঁদের নিজেদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেন। যাঁরা আখতারুজ্জামানের বিরোধিতা করছেন, তাঁরাও নিজেদের মত দেন। পরে উপাচার্য আখতারুজ্জামান সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়ে সভা শেষ করেন।

সভার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, সবাই হল পরিচালনায় তাঁদের পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেছেন।

এর আগে সকালে আখতারুজ্জামান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দীন ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।