প্রয়োজনীয় জিনিসপত্র ভেতরে রেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে এক ছাত্রীর কক্ষে ১৬ দিন ধরে তালা ঝুলিয়ে রেখেছে হল প্রশাসন। এতে মানসিক চাপে গত রোববার রাতে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। এ ঘটনায় গতকাল সোমবার হলের প্রাধ্যক্ষসহ তিনজনের পদত্যাগ দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন ছাত্রীরা।
ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটিতে ১০ সেপ্টেম্বর হলের আবাসিক ছাত্রী এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর ছাত্রী তাসলিমুল জান্নাহর কক্ষে তালা ঝুলিয়ে দেয় হল প্রশাসন। ছুটি শেষে ১৯ সেপ্টেম্বর হলে ফিরলে তালা খুলে দেওয়ার অনুরোধ করলেও হল প্রশাসন তালা খোলেনি। ফলে তিনি একেক দিন একেক ছাত্রীর কক্ষে থাকছেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। রোববার রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে অন্য ছাত্রীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাত তিনটার দিকে তাঁকে হলে নিয়ে আসা হয়।
তাসলিমুল বলেন, ‘কক্ষ পাওয়ার সব শর্তই আমি পূরণ করি। কিন্তু কক্ষটি অন্য একজনকে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু সমাধান চাই।’
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হলের অর্ধশতাধিক ছাত্রী তিন দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা তাসলিমুলের কক্ষের তালা খুলে দেওয়া এবং প্রাধ্যক্ষ কৌশিক সাহা, আবাসিক শিক্ষক লায়লা হাসিন ও হল সুপার রোকেয়া বেগমের পদত্যাগ দাবি করেন। এ ছাড়া নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দিয়ে হলের ক্যানটিনসহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেন তাঁরা।
ছাত্রীরা উপাচার্যকে বলেন, বিভাগীয় ফলাফল, হলে উপস্থিতি ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ছাত্রীদের হলের এক আসনবিশিষ্ট কক্ষ বরাদ্দ দেওয়া হয়। খালি হওয়া সাপেক্ষে বি-ব্লকের ৪২৩ নম্বর কক্ষটি বরাদ্দ পেতে গত ডিসেম্বরে প্রাধ্যক্ষের কাছে আবেদন করেন তাসলিমুল। কিন্তু হলের প্রচলিত এসব নিয়ম উপেক্ষা করে আগস্টের শেষের দিকে বাংলা বিভাগের স্নাতকের এক ছাত্রীকে কক্ষটি বরাদ্দ দেয় হল প্রশাসন। এর প্রতিবাদ জানিয়ে হলের অন্য জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ২ সেপ্টেম্বর ওই কক্ষে ওঠেন তাসলিমুল। কিন্তু বরাদ্দ স্থগিত করা হয়েছে জানিয়ে ১০ সেপ্টেম্বর কক্ষটিতে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন।
হলের আবাসিক ছাত্রী ও লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী উমাইয়া তাসনিম তনুজা বলেন, ‘আমরা উপাচার্যের সঙ্গে দেখা করে সমস্যার কথা বলেছি। তিনি আপাতত তাসলিমুলকে আগের কক্ষে ফিরে যেতে বলেছেন।’
এ বিষয়ে কথা বলতে চাইলে প্রাধ্যক্ষ কৌশিক সাহা বলেন, ‘আমি এখন ছুটিতে আছি। এ বিষয়ে কিছু বলতে পারব না।’
ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মোহাম্মদ নাজমুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। লায়লা হাসিন ফোন ধরেননি। রোকেয়া বেগম কথা বলতে রাজি হননি।