প্রান্তজনের প্রসবসেবায় কমিউনিটি ক্লিনিক
অজপাড়াগাঁয়ের মোহসেনা বেগম এদিক-ওদিক চেয়ে কারও নজর কাড়তে চেষ্টা করেন। উপায় না দেখে কাতর কণ্ঠে ডেকে ওঠেন ‘তোমরা কোনঠে আছেন—মোক বাঁচাও, মুই আর পারছুনি।’ এরপর চোখ ঝাপসা হয়ে আসে, চেতনা হারিয়ে মাটিতে পড়ে যান।
চোখ মেলে নিজেকে এক অপরিচিত ঘরে খুঁজে পান তিনি। এদিক-ওদিক তাকিয়ে ক্লিনিকের শয্যা আর যন্ত্রপাতি দেখে আঁতকে ওঠেন। তবে কি এবারও হারাতে হলো তাঁর বুকের ধন। গেলবার কোলজুড়ে নতুন অতিথি আসার আগমুহূর্তে সামান্য এক আঘাতে সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। হাতের কাছে শিশুজন্ম ও প্রসবকালীন সেবার কোনো ব্যবস্থা না থাকায় উপজেলা হাসপাতালে পৌঁছার আগেই হারাতে হয় অনাগত সন্তানকে। মোহসেনা বেগমের মনে আসে নানা ধরণের দুশ্চিন্তা।
একসময় ঘোর কাটে, কানে ভেসে আসে শাশুড়ির কণ্ঠ ‘কাছত ক্লিনিক ছিল, বলিয়াই তোমার সোনা ধন আইজ বাঁচিছে’, এরপর তিনি নবজাতককে তুলে দেন মোহসেনার কোলে। এক পলক ওর দিকে তাকিয়ে থেকে দুই চোখের পানি ধরে রাখতে পারেননি মোহসেনা। এ অশ্রু আনন্দের নয়, কৃতজ্ঞতার। তাঁর মতে, ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামপর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে সন্তান প্রসব কার্যক্রম চালু হয়েছে বলেই অনেক প্রসূতি এখন গর্ভের সন্তানকে জীবিত দেখতে পারছেন।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামপর্যায়ে অংশীদারির ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক চালু করে সরকার। স্থানীয়দের নিয়ে গঠন করা হয় ব্যবস্থাপনা কমিটি। তাদের দেখভালে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম গ্রামপর্যায়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু পরবর্তীকালে নানা কারণে স্থবির হয়ে পড়ে ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম।
২০০৯ সালের জুনে ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের তিনটি সংগঠনের আর্থিক সহযোগিতায় মাতৃ ও নবজাতক মৃত্যুহ্রাসের ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিতকরণ প্রকল্প (এমএনএইচ) হাতে নেওয়া হয়। সরকারকে সহায়তা করার মূল দায়িত্ব দেওয়া হয় স্থানীয় উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ইএসডিও)। প্রকল্পের শুরুতে ১৩৭টি কমিউনিটি ক্লিনিকে প্রণয়ন করা হয় স্বাস্থ্যসেবা পরিকল্পনা।
পরিকল্পনার অংশ হিসেবে জেলার পাঁচটি উপজেলার ১৮ জন গ্রামপর্যায়ের স্বাস্থ্য স্বেচ্ছাসেবিকাকে পর্যায়ক্রমে ছয় মাস মেয়াদি শিশুজন্ম ও প্রসবকালীন সেবাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে। ঢেলে সাজানো হয় ২০টি ক্লিনিক। সরবরাহ করা হয় সব ধরণের সরঞ্জাম।
২০১১ সালের মে মাসে সদর উপজেলার পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকে পূর্ব বেগুনবাড়ি গ্রামের শ্রীকান্ত বর্মণের স্ত্রী শিল্পী রানীর সন্তান প্রসবের মধ্য দিয়ে কমিউনিটি ক্লিনিকে শিশুজন্ম ও প্রসবকালীন কার্যক্রমের যাত্রা শুরু হয়। এরপর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৯৯৩ জন গর্ভবতীকে এ সেবা দেওয়া হয়েছে।
জরুরি প্রসূতিসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পীরগঞ্জ উপজেলার ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিককে পুরস্কৃত করে। ২০১২ সালে নিরাপদ মাতৃত্ব দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পুরস্কার তুলে দেন ওই ক্লিনিকের স্বাস্থ্য স্বেচ্ছাসেবিকা রাধা রানীর হাতে। সাধারণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য জেলা এমএনএইচ কমিটি ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিককে সমঞ্চাননা দেয়।
ইএসডিওর নির্বাহী পরিচালক মুহমঞ্চদ শহীদ-উজ-জামান বলেন, সেবাগ্রহীতা ও সেবাদানকারীদের যৌথ সম্পৃক্ততার মাধ্যমে যেখানে মালিকানাবোধ সৃষ্টি হয়, সেখানে যেকোনো কঠিন কাজ সহজ হয়ে ওঠে। সেই ধারণা থেকেই স্থানীয় জনগণকে কমিউনিটি ক্লিনিকের পরিচালনার সঙ্গে সম্পৃক্ত করে তাদের মধ্যে মালিকানাবোধ সৃষ্টি করা গেছে বলে এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।