প্রান্তিক আমচাষিদের মধ্যে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী নিরাপদ আম উৎপাদন করেও প্রত্যাশিত দর না পেয়ে দারুণ হতাশ বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের নাচোল, রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার আমচাষিরা।
বরেন্দ্র এলাকায় অক্সফামের অর্থায়নে এসেডো নামের একটি উন্নয়ন সংস্থা নাচোল, তানোর ও গোদাগাড়ী উপজেলায় ৪৮টি দল করে ৯৬২ জন আমচাষিকে আধুনিক পদ্ধতিতে চাষ ও বিষমুক্ত নিরাপদ আম উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেয়। আমবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী চাষিরা সার ব্যবস্থাপনা ও মুকুলের আগে-পরে, মটরদানা ও মার্বেল আকৃতির আমে মোট চারবার কীটনাশক ও ছত্রাক নাশক ছিটিয়ে দেন। এ ছাড়া নিরাপদ আম পেতে বহু চাষি ফ্রুট ব্যাগিং পদ্ধতিও ব্যবহার করেন। এরপরও আমচাষিরা প্রত্যাশিত দরে আম বিক্রি করতে পারছেন না।
গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ১৫ জন নারী ও পাঁচজন পুরুষ নিয়ে এসেডো গঠন করে নিরাপদ আম উৎপাদনকারী দল। এ দলের নেত্রী পারভিন খাতুন প্রথম আলোকে বলেন, ‘কমপক্ষে চার-পাঁচ ও সর্বোচ্চ ১৫টি গাছের মালিক নিয়ে আমাদের দল গঠন করা হয়েছে। গাছে পরিচর্যা থেকে আম উৎপাদন, আম ভাঙা, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে আমরা প্রশিক্ষণ পেয়েছি। আমাদের দলের সদস্যদের গাছগুলো পাঁচ থেকে দশ বছর বয়সী এবং আকারে ছোট। এ জন্য ব্যবস্থাপনাও সহজ। সবাই যেন ন্যায্যমূল্য পেতে পারে এ জন্য সব সংগঠনের আম একত্রে সংগ্রহ করে সমবায় ভিত্তিতে বাজারজাত করার চেষ্টা করা হয়। তানোর উপজেলার নিরাপদ আম উৎপাদনকারী দলগুলো আম সংগ্রহ করে তানোর মুন্ডুমালা পৌর এলাকার সমন্বিত সমবায় নিরাপদ আম বাজারে পাঠানো হয়।’
গত শনিবার মুন্ডুমালায় গিয়ে কথা হয় সমন্বিত সমবায় নিরাপদ আম বাজারের সভাপতি লতিফুর রহমানের সঙ্গে। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে প্রচার করা হয়, ৫ জুনের আগে আম বাজারজাত করা যাবে না। কিন্তু অন্যান্য অঞ্চলের চেয়ে রুক্ষ বরেন্দ্র অঞ্চলের তাপমাত্রা বেশি হওয়ায় এ অঞ্চলের আম আগেই পেকে যায় এবং গাছ থেকে ঝরে পড়ে। এ ছাড়া গত বছর চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আমে ফরমালিন মেশানো হয়—এমন মিথ্যা প্রচারের রেশ ধরেও এবার বাইরের ব্যাপারীর আনাগোনা কম হওয়ায় বাজারে আমের দাম কম। ফলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। যে আমের দাম হওয়া উচিত ২০০০ টাকা মণ, সেই আম এখন বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে।
তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের সুরাতন বেগম বলেন, তাঁদের গ্রামের নিরাপদ আম উৎপাদনকারী দলের সদস্যসংখ্যা ২৫। আমের গুণগত মান, আকার-আকৃতি ও রং ভালো হলেও কেউই ১৪০০ টাকা মণ দরের বেশি পাননি।
তবে নাচোলের নেজামপুরের আম উৎপাদনকারী দলের সভানেত্রী তাহেরা খাতুন বলেন, ‘নিরাপদ আম উৎপাদনকারী বলে কৃষি বিভাগের কাছে আমাদের তথ্য থাকায় উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে আমরা অল্প কিছু আম ২০০০ টাকা মণ দরে বিক্রি করতে পেরেছি। বাকি আমের গ্রাহক এখনো পাইনি।’
এসেডোর নির্বাহী পরিচালক রবিউল ইসলাম নিজে একজন কৃষিবিদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপদ আম উৎপাদনকারী দলের সদস্যরা ৮ হাজার ৫৪৬টি আম গাছের মালিক। এসব গাছে ২ লাখ ৩৯ হাজার ৫৬২ কেজি আম উৎপাদনের আশা করা হচ্ছে। এসব আমের সবই নিরাপদ বলে আমরা নিশ্চিত করে বলতে পারি। অথচ দুঃখজনক যে এসব প্রান্তিক আমচাষি আমের প্রত্যাশিত দর পাচ্ছেন না।’