প্রান্তিক চাষির একমাত্র সম্বলটুকু অধিগ্রহণ!
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপকেন্দ্র স্থাপনের জন্য চিরিরবন্দর উপজেলায় এক প্রান্তিক চাষির একমাত্র আবাদি জমিটি অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন।গত ৮ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তারা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই জমি দখলে নেন। জমির মালিক মো. জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ সময় দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চোখের পানি ফেলা ছাড়া আর কিছু করার ছিল না তাঁর।’জহির উদ্দিন জানান, এক বছর আগে জমি অধিগ্রহণের বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ্, উপজেলা চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন মোল্লা, সাংসদ এ এইচ মাহমুদ আলী ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করে প্রতিকার দাবি করেন। কিন্তু এসবে কোনো কাজ হয়নি।জহির উদ্দিন বলেন, ‘বাপু চিরিরবন্দরে মেলা খাস জমি আছে। মোর জমির গড়ত (কাছে) বড় বড় জোতদার, ধনি ঘরে জমি আছে। ওমহার জমির অভাব নাই। টাকা দিলে ওরা জমি দিবার জইন্যে এক পাওত খাড়া হই আছে। কিন্তুক ওমহার জমি না নিয়া মোর জমিটায় কেনে নিবা হবি?’ জেলা প্রশাসকের ভূমি হুকুম দখল শাখা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৮ এপ্রিল জমি হুকুম দখলের প্রস্তাব করে জহির উদ্দিনকে নোটিশ দেওয়া হয়। আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে লিখিত জানাতে বলা হয়। ২৪ এপ্রিল তিনি লিখিত আপত্তি দাখিল করেন। ১৯ মে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয়ে ও পরবর্তী সময়ে ৩০ জুন রংপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নারায়ণ চন্দ্র বর্মা আপত্তির শুনানি করেন। দুই আদালতেই জহির উদ্দিনের আবেদন নামঞ্জুর হয়। আবদুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়েন উদ্দিন শাহ্ প্রথম আলোকে বলেন, জহির উদ্দিন একজন প্রান্তিক কৃষক। অধিগ্রহণকৃত ৩৩ শতক জমি ছাড়া তাঁর আর কোনো কৃষি জমি নেই। এই মর্মে তিনি লিখিত প্রত্যয়নপত্রও দিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এ ব্যাপারে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক বলেন, ভূমি অধিগ্রহণ হয়ে গেলে আর কিছু করার থাকে না। এর বিরুদ্ধে আপিলও করা যায় না। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিজুল ইসলাম বলেন, ওই জমি ছাড়া জহির উদ্দিনের যে আর কোনো কৃষিজমি নেই, বিষয়টি হয়তো প্রশাসনের জানা ছিল না। তিনি জহির উদ্দিনকে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরার পরামর্শ দেন।