রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, বাংলাদেশে দারিদ্র্য অনেক কমে এসেছে। কিন্তু প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর অন্তত ৮০ লাখ মানুষ দারিদ্র্যের ফাঁদে আটকা পড়েছে। তারা বিচ্ছিন্ন ও প্রান্তিক হয়ে পড়ার পেছনে সামাজিক দৃষ্টিকোণও ভূমিকা রাখছে। এদের পেছনে ফেলে রেখে উন্নয়ন করলে তা টেকসই হবে না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে এদের কাউকে পেছনে ফেলে রাখা যাবে না।
গতকাল ‘কাউকে পেছনে ফেলে নয়: বাংলাদেশে বিচ্ছিন্নতা ও প্রান্তিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তারা এসব কথা বলেন। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ও গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, দেশের আইনের মধ্যে অনেক বাধা ও বৈষম্য আছে। সব আইনে অনেকের ‘স্পেশাল নিড’ উঠে আসেনি। তিনি বিচ্ছিন্ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে একটি স্থায়ী ফোরাম গঠন করার পরামর্শ দেন।
কর্মশালায় বাংলাদেশে প্রান্তিকতা এবং বিচ্ছিন্নতা বিষয়ে মূল বক্তব্য দেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) উন্নয়ন চিন্তায় নতুন মাত্রা যোগ করেছে। উন্নয়ন হবে, কিন্তু কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। বাংলাদেশ এখন দারিদ্র্য দূরীকরণের তৃতীয় স্তরে। এই স্তরে অনেকে দারিদ্র্যের ফাঁদে আটকা থাকে। এখানে প্রান্তিকতা ও বিচ্ছিন্নতা বড় সমস্যা। প্রান্তিকতা ও বিচ্ছিন্নতার তিন ধরনের বোঝা তৈরি হয়। সেগুলো হলো উচ্ছেদের ভয়, চরম দারিদ্র্য ও পরিসংখ্যানগত অনুপস্থিতি। এদের অধিকার আদায় করতে হলে প্রথমে তাদের দৃশ্যমান করতে হবে। লেখক হরিশংকর জলদাস প্রশ্ন রাখেন, প্রান্তিকতা বা বিচ্ছিন্নতার জন্য কারা দায়ী? যারা এই সব জনগোষ্ঠীকে প্রান্তিকতার দিকে ঠেলে দিয়েছে তারা, নাকি যারা ঠেলা খেয়েছে তারা? তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোর উদ্দেশে বলেন, বেদনা থেকে মুক্তির একমাত্র পথ শিক্ষা।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সেডের পরিচালক ফিলিপ গাইন বলেন, তাঁরা ৩৭টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী পেয়েছেন, যারা কোনো সরকারি তালিকায় নেই। তাঁদের এই কর্মশালার মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীর মানচিত্র এবং সঠিক চিত্র তৈরি করা।
সেডের সভাপতি সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বিবিএসের সহকারী পরিচালক দীপঙ্কর রায়, চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভোজন কৈরী, যৌনকর্মী হাজেরা বেগম প্রমুখ বক্তব্য দেন।