প্রান্তিক জনগোষ্ঠীর পরিসংখ্যানগত ধারণা স্পষ্ট করতে হবে
ভালো কাজের পরিবেশ, ন্যায্য মজুরি এবং ভূমি ও অন্যান্য সম্পদে অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে চা-শ্রমিকদের বৈষম্য প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। দেশের চা-বাগানে ও অন্যান্য প্রান্তে থাকা জাতিগোষ্ঠীগুলোর ওপর আরও বেশি গবেষণা করতে হবে। তাদের ওপর পরিসংখ্যানগত ধারণা স্পষ্ট হলে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যাবে।
আজ সোমবার সকালে চা-শ্রমিকদের জীবনযাত্রার ওপর রচিত ‘প্রান্তের জাতিসত্তা: চা-শ্রমিক ও ক্ষুদ্র জাতিসত্তার ওপর আলোকচিত্র’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
‘চা-শ্রমিক ও স্বল্প পরিচিত জাতিসত্তার পরিচয়, মানচিত্র ও অধিকার বিষয়ে পুনর্ভাবনা’ শিরোনামে তিন দিনের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর সিবিসিবি সেন্টারে ওই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটির আয়োজক সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেডের চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর শ্রমিকেরা সংখ্যায় বেশি না হাওয়ায় বা বড় ধরনের ভোটব্যাংক না হওয়ায় তাদের প্রতি মনোযোগও কম। ওই প্রান্তিক মানুষগুলোকে পরিসংখ্যানগতভাবে দৃশ্যমান করা গেলে তাদের প্রতি মনোযোগ আকর্ষণ করা যাবে। ওই মানুষদের নানা সমস্যা তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হোসেন জিল্লুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পরিসংখ্যানগত অস্পষ্টতা দূর করা খুবই জরুরি। তিনি পরবর্তী সময়ে সব প্রান্তিক জনগোষ্ঠীর পরিসংখ্যান তৈরির ওপর গুরুত্ব দেন। এ ছাড়া এই গোষ্ঠীর মানুষের আলাদা পরিচয় নির্ণয় করার কথাও বলেন তিনি। তিনি বলেন, প্রান্তিক মানুষেরা কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। তাদের দয়ার দৃষ্টি থেকে না দেখে ন্যায্যতার দৃষ্টিতে দেখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া তিনি অর্থনৈতিক অধিকারের পাশাপাশি তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার তাগিদ দেন।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতিগোষ্ঠীর ওপর গবেষণা, অনুসন্ধান ও মানচিত্রায়ণের সারসংক্ষেপ তুলে ধরেন সেডের পরিচালক ফিলিপ গাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। এ ছাড়া ছিলেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ আলম, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরি, ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রাফি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নৃতাত্ত্বিক মৌসুমি শবনম প্রমুখ। পরে চা-শ্রমিকদের ওপর বিশেষ তথ্যচিত্র ‘মাটির মায়া’ প্রদর্শন করা হয় এবং চা-শ্রমিক ও আদিবাসীদের ভূমি অধিকার বিষয়ে আলোচনা হয়।