প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সেবা দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে
গরিব, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সেবা দেওয়ার জন্য আইনজীবী, সরকারি-বেসরকারি আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান, পুলিশ ও জনপ্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তা না হলে এসব জনগোষ্ঠী ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।
গত বুধবার সন্ধ্যায় রাঙামাটি জেলা আইনজীবী সমিতির হল রুমে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও জেলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে ‘আইন সহায়তা প্রদান ও মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সময় এসব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে মামলা চলার কারণে অনেকে বিচারব্যবস্থার প্রতি আস্থা হারায়। ফলে মানুষের মধ্যে আদালতভীতি দেখা যায়। তদন্তকারী কর্মকর্তা ও মামলার বাদীদের সমন্বয় না থাকায় বিচারব্যবস্থা ব্যাহত হয়। এতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পায় না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওসার বলেন, রাঙামাটি আদালতের নানা সমস্যা। বিচারকদের থাকার জন্য নেই কোনো আবাসনব্যবস্থা। মামলার জট থাকলেও বিচারকের সংকট রয়েছে। এজলাসের সংকট প্রকট, লাইব্রেরিও নেই। অডিটোরিয়াম ও রেকর্ড রুম নেই। এত সমস্যার মধ্যেও রাঙামাটিতে জনগণকে আইনি সেবা দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় জেলা আইনজীবী সভাপতি প্রতিম রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা, রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম সামস্ উদ্দিন খালেদ, সরকারি কৌঁসুলি মো. রফিকুল ইসলাম। আলোচক ছিলেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলী, সাবেক যুগ্ম জেলা জজ দীপেন দেওয়ান প্রমুখ।