প্রান্তিক জনপদে বিজয়ের বার্তা
বেহেত্তরী গ্রামটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রান্তিক জনপদ। সেখানকার মানুষ ৪১ বছর ধরে পালন করে আসছে ব্যতিক্রমী বিজয় দিবস। নিজেরা চাঁদা তুলে বাঁশ দিয়ে শহীদ মিনার ও কাগজ দিয়ে পতাকা তৈরি করে শ্রদ্ধা জানান তাঁরা।ওই গ্রামের বাসিন্দা শিক্ষক আবুল ফজল (৫০) জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শহীদ মিনার পরিচিত হলেও গ্রামের আর ১০ জন সাধারণ মানুষ এটির সঙ্গে তেমন পরিচিত নন। তাঁদের কাছে শহীদ মিনারের তাৎপর্য তুলে ধরার জন্য গ্রামের ছোট-বড় শিক্ষার্থীরা প্রতিটি জাতীয় দিবস পালনের উদ্যোগ নেয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের গ্রামে প্রতিটি জাতীয় দিবস পালিত হয়ে থাকে। এতে তাদের কোনো কার্পণ্য নেই। ওই গ্রামের আবদুর রাজ্জাক (৫০) বলেন, ‘যুদ্ধ কইরা যারা আমরারে দেশ আইন্না দিছে, তারারে যদি সম্মান দেহাইতে না পারি, তা অইলে বাইচ্চা থাইক্কা কী লাভ।’ তৌহিদ উদ্দিন খান (৫৫) একই কথা বলেন। উপজেলার খামারগাঁও গ্রামের কৃষক পরিতোষ দে (৬০) বিজয় দিবসে তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের মতো আমরার চেতনা সব সময় থাহনের দরহার। যুদ্ধে যারা মানুষ খুন করছে, মেয়েছেলের ইজ্জত নষ্ট করছে, তারার বিচার না অইলে এই বিজয়ের কী দাম আছে! দেশডা কিবায় জন্ম নিছে, সেই কথা আমরার পোলাপান যাতে মনে রাখত পারে, তাই গ্রামে গ্রামে এই দিবস পালন করনের দরহার আছে।’