প্রান্তিক জাতির মানুষদের জন্য ত্রাণের আবেদন

করোনা মোকাবিলায় চলমান লকডাউনে বিভিন্ন সরকারি-বেসরকারি মানবিক সহায়তায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ ও কাপেং ফাউন্ডেশনের বিবৃতিতে এ দাবি করা হয়েছে। আজ রোববার এ বিবৃতি দেওয়া হয়।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সারাদেশে লকডাউন চলমান রয়েছে। চলমান এ লকডউনে নিম্ন আয়ের লোকেরা দুর্ভোগে পড়েছে। এমতাবস্থায় সরকার বা প্রশাসন, বিভিন্ন দাতা সংস্থা, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে ত্রাণের ব্যবস্থা করে চলেছে। এটি খুবই প্রসংশনীয়।
বিবৃতিতে বলা হয়, 'দেশে প্রায় চল্লিশ লাখের বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ আছে। তাদের অধিকাংশই গরীব ও নিম্ন আয়ের মানুষ। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, পাহাড় ও সমতলের এসমস্ত প্রান্তিক আদিবাসীরা সরকারি-বেসরকারি পর্যায়ের এসমস্ত ত্রাণ সহায়তার আওতার বাইে অনেকেই থেকে যাচ্ছে। আমরা ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন আদিবাসী অঞ্চল বা গ্রামে লকডাউনে দুর্ভোগের খবর জানতে পেরেছি।'
বিবৃতিতে বলা হয়, নালিতাবাড়ী, ধোবাউড়া, দুর্গাপুর, কলমাকান্দা, মধ্যনগর ও তাহিরপুর থানার বেশ কিছু হাজং ও বানাই গ্রামের শতাধিক পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে । ওইসব অঞ্চলের অধিকাংশ হাজং ও বানাই জনগণ দিনমজুর শ্রমিকের কাজ করে। লকডাউনের ফলে বর্তমানে তাদের কাজ স্থগিত হয়ে পড়লে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। তিনবেলার খাবার এখন কোন কোন হাজং ও বানাই পরিবারের সদস্যরা একবেলা খাওয়ার পরও তাদের সামান্য খাদ্য মজুদটুকুও শেষ হয়ে যাচ্ছে। হাজং ও বানাই পরিবারগুলো এখন একদিকে রোগের আশংকা অন্যদিকে খাদ্য সংকটের চরম দূর্ভোগের কথা আশংকা করছে।
বিবৃতি আরও বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের কমপক্ষে ১৩টি জেলায় ৩৮টিরও অধিক প্রায় ১৫ লক্ষাধিক সাঁওতাল, উরাও, মুন্ডা, মাহাতো (বেদিয়া/কুড়মি), মালো, মাহালে, মুষহর, কড়া, কোডা, কোল, ভিল, ভুঁইমালি, বাগদী, তুরি, গঞ্জু, গড়াইত, তেলি, কোচ, কন্দ, রাজোয়াড়, লোহার, শবর, হো জাতিস্বত্তার বসবাস। এসব জাতিস্বত্তার ৯০ শতাংশই আজ ভূমিহীন। দিনমজুরীর টাকায় নিত্যদিনের চাল, ডাল, তেল, লবন কিনে তারা বাড়ি ফিরে সেটা রান্না করে পরিবারের জীবন নির্বাহ করে। ফেব্রুয়াারি-মার্চ-এপ্রিল-মে মাসে অধিকাংশ আদিবাসী কৃষি শ্রমিকদেরই হাতে কাজ থাকে না। অন্যের কৃষি জমিতে নিড়ানি, সার-লাগানো, চারা পরিচর্যা ইত্যাদি কাজ করেই তাদের সংসার চলে। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে দেশে লক-ডাউন পরিস্থিতিতে তারা হয়ে পড়েছে কর্মহীন। গাইবান্ধায় প্রায় ১২০০টি সাঁওতাল পরিবার ও রাজশাহীতে ২০০০টি সাঁওতাল, পাহাড়ীয়া ও ওড়াও পরিবার মানবেতর জীবন-যাপন করছে।
সিলেটের অধিকাংশ চা-শ্রমিক আদিবাসী জাতিগোষ্ঠীর। তারা গরীবের চাইতেও গরীব। এ অবস্থায় তারা খাদ্য সংকট ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এয়াড়াও শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ৩৫টি গারো পরিবারের প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষ কঠিন অবস্থায় দিন যাপন করছে।কক্সবাজারের চাকমা, তনচংগ্যা, রাখাইন এবং চাদপুরের ত্রিপুরা ও খুলনা-সাতক্ষীরার আদিবাসীরাও বর্তমান পরিস্থিতিতে খাদ্য সংকটের মধ্যে দিন অতিবাহিত করছে।পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের মধ্যে যারা দিনমজুর, গরীব কৃষক ও প্রান্তিক জুম চাষীদের অবস্থা খুবই নাজুক।
বিবৃতিতে বলা হয়, শতশত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবার জীবিকার প্রয়োজনে রাজধানী ঢাকাসহ দেশের বড়বড় শহর গুলোতে যেমন, চট্টগ্রাম, সিলেট, সাভার, নারায়ণগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহসহ অন্যান্য শহরগুলোতে। যাদের বেশিরভাগ বিভিন্ন নিম্ন আয়ের পেশার সাথে যুক্ত। শুধুমাত্র ঢাকা শহরে শত শত মানুষ বিউটি পার্লার, বাসাবাড়ী, দারোয়ান, ড্রাইভার ইত্যাদি পেশায় কাজ করছে যাদের বেশিরভাগ চাকুরী হারিয়েছেন। এই পরিবারগুলো এখন মানবেতর জিবন যাপন করছে। এসমস্ত প্রান্তিক ও দরিদ্র আদিবাসীদের ঘরে ঘরে সরকারি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।