প্রান্তিক মানুষের উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক কারণে বা সামাজিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় মানুষ প্রান্তিক অবস্থানে চলে যেতে পারে। এ প্রান্তিকতা অবসানে রাষ্ট্রীয় নীতি দরকার। আর এর জন্য চাই রাজনৈতিক প্রতিশ্রুতি। 

‘প্রান্তিক মানুষের জীবনের চালচিত্র’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আলোচকদের মূল সুর এমনটাই ছিল। আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার-ইনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমেজএফ) এ গবেষণা করে ২০১৬ সালে।
অনুষ্ঠানের শুরুতে গবেষণার প্রতিবেদন তুলে ধরেন এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম। সমতল ও পাহাড়ের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু, দলিত, জেলে এবং যৌনকর্মীদের আর্থসামাজিক অবস্থার চিত্র উঠে আসে এমজেএফের গবেষণায়। এ গবেষণায় দুই হাজার পরিবারের ওপর জরিপ পরিচালিত হয়। গবেষণায় বলা হয়, দেশের অন্তত তিন কোটি মানুষ প্রান্তিক অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, পৃথিবীর সব এলাকা থেকে মানুষের প্রান্তিকতা উবে গেলেও থেকে যাবে এ উপমহাদেশে। কারণ, এখানকার প্রান্তিকতা শাস্ত্রীয়। এ অচলায়তন ভাঙা কঠিন, তবে এ কাজ শুরু হয়েছে। প্রান্তিকতার অবসানে সরকারের প্রতিশ্রুতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে, যেখানে জাতপাতের বিভাজন উপড়ে ফেলা সম্ভব। প্রতিবেশী অনেক দেশেই তা সম্ভব নয়।
প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়নে সরকারের কাজের বিবরণ তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম। তিনি বলেন, আগামী বাজেটে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অর্থ বরাদ্দ ৪৫ হাজার কোটি টাকা থেকে বেড়ে হবে ৫২ হাজার কোটি।
অনুষ্ঠানের সভাপতি অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রান্তিক কারা, কেন এঁরা এ অবস্থায় আছেন এবং প্রান্তিকতার নিরসনে করণীয় কী—তা নির্ধারণ জরুরি। তিনি বলেন, প্রান্তিক মানুষের উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি খুবই প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বা নির্বাচনী ইশতেহারে প্রান্তিক মানুষ কতটা দৃশ্যমান, এর সন্ধান দরকার।
প্রান্তিক মানুষের ওপর একটি বিশেষ তথ্যভান্ডার তৈরি দরকার বলে মত দেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হোসেন আবেদ। এমজেএফের গবেষণার ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন এবং বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী আলী তৌফিক। আলোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা, সঞ্জীব দ্রং প্রমুখ।