প্রান্তিক মানুষের পাশে ঢাকার সিংড়া সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা নাটোরের সিংড়া চলনবিল মহিলা কলেজ ক্যাম্পাসে করোনাকালীন ত্রাণ বিতরণ করেছে। ছবি: লেখক
সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা নাটোরের সিংড়া চলনবিল মহিলা কলেজ ক্যাম্পাসে করোনাকালীন ত্রাণ বিতরণ করেছে। ছবি: লেখক

নাটোরের সিংড়া উপজেলার যাঁরা ঢাকায় বসবাস করেন, তাঁরা শিকড়কে ভোলেননি। আজ দেশের করোনাকালেও কর্মহীন মানুষের প্রতি তাঁদের দায়িত্ব রয়েছে, তাঁরা তা বোঝালেন। তাই তো সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সদস্যরা নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া চলনবিল মহিলা কলেজ ক্যাম্পাসে করোনাকালীন ত্রাণ বিতরণ করেছেন।

পল্লী নিবাসের বাসিন্দাসহ স্থানীয় মানুষ যাঁরা করোনার প্রভাবে কর্মহীন ও অভাবী হয়েছেন, তাঁদের ত্রাণ প্রদান করেন সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সদস্যরা।

গতকাল রোববার অনানুষ্ঠানিক ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান কামরান প্রমুখ।

ঢাকার সিংড়া উপজেলা কল্যাণ সমিতির পক্ষে ত্রাণ বিতরণ করেন ফাইভ স্টার এভিয়েশনের স্বত্বাধিকারী মো. নাজমুল হাসান, ঢাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আউয়াল কবির পিকে, বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. মাসুদ রানা, সিংড়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ছাত্রবিষয়ক সম্পাদক মুন প্রমুখ।

কর্মহীন ও হতদরিদ্রদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ হিসেবে চাল, ডাল, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ছবি: লেখক
কর্মহীন ও হতদরিদ্রদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ হিসেবে চাল, ডাল, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ছবি: লেখক

কর্মহীন ও হতদরিদ্রদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ হিসেবে চাল, ডাল, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

সিংড়া উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসলে একধরনের সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের তৃণমূল মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছি। এভাবেই সমাজের বিত্তবানদের করোনার সময়ে গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাহলে দেখবেন করোনাকাল আমরা সবাই একসঙ্গে সফলতার সঙ্গে পার করব।’

ঢাকার সিংড়া উপজেলা কল্যাণ সমিতি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এই সমিতি সদস্যদের মেলবন্ধনসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। সিংড়ায় জন্ম নেওয়া প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীনসহ দেশে-বিদেশে কর্মে-যোগ্যতায় প্রতিষ্ঠিত ব্যক্তিদের সিংড়া উপজেলা কল্যাণ সমিতি সংবর্ধিত করে।

*লেখক: রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কর্মরত। [email protected]