প্রাপ্তি নিয়ে শঙ্কা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাব পড়েছে সব ধরনের জ্বালানির ওপর। সে কারণেই এলপি গ্যাসেরও দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে। এলপি গ্যাসের দুই প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন। ২০১২ সালের মে-জুন মাসে প্রোপেন ও বিউটেনের প্রতি টনের দাম ছিল ৭০০ ডলারের মতো। তখন দেশে গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ৬০০ টাকা।
বর্তমানে প্রতি টন প্রোপেন ও বিউটেনের দাম ৫০০ ডলারের মধ্যে। এখন দেশে গ্রাহক পর্যায়ে সাড়ে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা। তবে গ্রাহকদের মধ্যে শঙ্কা আছে যে পবিত্র রমজানে এলপি গ্যাসের দাম বাড়তে পারে। সিলিন্ডার পাওয়াও কঠিন হতে পারে।
বরিশাল শহরের গ্রাহক হারুন-আর রশিদ গত রোববার টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রায় চার বছর ধরে নিয়মিত এলপি গ্যাস ব্যবহার করছি। প্রতিবছরই দুই ঈদে গ্যাস পেতে সমস্যা হয়েছে। দামও দিতে হয়েছে অনেক বেশি।’ খুলনার লোয়ার যশোর রোডের বাসিন্দা আনোয়ার হোসেন এবং রাজশাহীর রানী বাজারের মাহমুদ আলীও কয়েক বছর ধরে এলপি গ্যাস ব্যবহার করেন। তাঁরাও প্রথম আলোর কাছে একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এলপি গ্যাস শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম স্থির থাকে না। প্রতি মাসে নতুন করে দাম নির্ধারণ করা হয়। কখনো তা বাড়ে, কখনো কমে। সৌদি অ্যারামকো হচ্ছে এশিয়া অঞ্চলে এলপি গ্যাসের দাম নির্ধারণী সংস্থা। প্রতি মাসের ১ তারিখে সংস্থাটি ওই মাসের প্রতি টন প্রোপেন ও বিউটেনের দাম ঘোষণা করে। সেই দামে গ্যাস এনে সিলিন্ডারজাত করে বিপণন করতে যে ব্যয় হয়, তার ওপর মুনাফা ও পরিবহন ব্যয় ধরে প্রতিটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। তাই এলপি গ্যাসের দাম প্রতি মাসেই কিছুটা কমবেশি হতে পারে।
ব্যবসায়ীরা বলেন, এ ছাড়া যদি দাম বাড়িয়ে বা সিলিন্ডার আটকে রেখে কোনো ডিলার কিংবা খুচরা বিক্রেতা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেন, সে ক্ষেত্রে সরকারের ব্যবস্থা গ্রহণের একটি বিধান করা যেতে পারে। আর কোনো ডিলার কিংবা খুচরা বিক্রেতা সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানিও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।