প্রাপ্যতা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের টিকা দিতে হবে: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

প্রাপ্যতা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের করোনার টিকা দিতে হবে। অগ্রাধিকার তালিকায় আদালতের সঙ্গে ‘আইনজীবী’ শব্দ অন্তর্ভুক্ত করতে হবে। এমন পর্যবেক্ষণ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। করোনার টিকাদানের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে করা রিট নিষ্পত্তি করে ওই রায় দেওয়া হয়।

গত ১১ এপ্রিল হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৩ এপ্রিল আদালত রুল দেন।

রুলে করোনার টিকা পেতে অগ্রাধিকার নাগরিক হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের রেজিস্ট্রেশনের বাইরে রাখা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুল শুনানির জন্য ২৪ জুন রিটটি কার্যতালিকায় ওঠে।

সেদিন আদালত বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের করোনার টিকা দেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জেনে রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন।

এর ধারাবাহিকতায় আজ শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমি সচিবের সঙ্গে কথা বলেছি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন। অগ্রাধিকার তালিকায় কোর্টের কথা লেখা আছে। এতে আইনজীবীও অন্তর্ভুক্ত হবেন, তা তিনি বুঝতে পারেননি। আদালত নির্দেশ দিলে করবেন।’

আদালত বলেন, ‘তাঁরা যদি নিজেরা করে ফেলেন, তাহলে আদালতের আদেশ দিতে হয় না। আদালত তো একটা অর্গান। যদি ব্যাখ্যা দিয়ে দেয় আইনজীবী অন্তর্ভুক্ত, তা–ও হতে পারে। তা না হলে আদেশ দিতে পারি। প্রধানমন্ত্রী বলেছেন, জুলাইতে টিকা সহজলভ্য হবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাইতে অনেক টিকা আসছে।

এরপর প্রাপ্যতা সাপেক্ষে আইনজীবীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পর্যবেক্ষণ দিয়ে আদালত রিটটি নিষ্পত্তি করে দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইমাম হাছান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানিতে ছিলেন। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও সমিতির বর্তমান সম্পাদক রুহুল কুদ্দুস রিটের পক্ষে ভার্চ্যুয়ালি শুনানিতে যুক্ত হন।

রিট আবেদনকারী আইনজীবী মো. আবু তালেব প্রথম আলোকে বলেন, করোনার টিকা দেওয়ার জন্য তালিকাভুক্ত হতে ন্যূনতম ৪০ বছর বয়স নির্ধারণ করা হয়। ৪০ বছরের নিচে ১৯ ধরনের পেশাজীবী রেজিস্ট্রেশন করতে পারবেন বলে তালিকা প্রকাশ করা হয়। রেজিস্ট্রেশনের জন্য এই অগ্রাধিকার তালিকায় আইনজীবীরা বাদ পড়েছেন। এ অবস্থায় আইনজীবীদের রেজিস্ট্রেশনের জন্য অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে ওই রিট করা হয়।’