প্রাভা হেলথ কেয়ারের কার্যক্রম সাময়িক বন্ধের সিদ্ধান্ত
নানা অনিয়মের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান প্রাভা হেলথ কেয়ারের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার মুঠোফোনে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, প্রাভা হেলথ কেয়ারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আসে। পরে তদন্ত সাপেক্ষে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাভা হেলথ কেয়ারের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাভা হেলথ কেয়ারের বিরুদ্ধে অভিযোগ জানান। অবশ্য অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে কল দেওয়া হলেও প্রাভা হেলথ কেয়ারের হেড অব কমিউনিকেশন কুতুব উদ্দিন ফোন ধরেননি।
তিন বছর আগে (২০১৮ সাল) বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সিলভানা কাদের সিনহা প্রাভা হেলথ কেয়ার প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাভা হেলথ কেয়ার টেলিমেডিসিন সেবার পাশাপাশি ক্লিনিকের মাধ্যমেও চিকিৎসাসেবা দিয়ে আসছিল।