প্রায় দুই কোটি টাকা নিয়ে কথিত ব্যবসায়ী উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সুব্রত সাহা ওরফে সুজন নামের এক ভুয়া ব্যবসায়ী শহরের কমপক্ষে ১০ জন ব্যবসায়ীর প্রায় দুই কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে শহরের চিনিশপুর এলাকার ফরিদ মিয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুব্রত কুমিল্লার মনোহরগঞ্জের লক্ষ্মণপুর গ্রামের সুনীল চন্দ্র সাহার ছেলে পরিচয়ে দিয়ে দুই বছর আগে নরসিংদীর বিলাসদী এলাকার সারোয়ার হোসেনের বাসা ভাড়া নেন। পরে তিনি নরসিংদীর বড় বাজারে ‘মা এন্টারপ্রাইজ’ নামের মনিহারি মালামাল মজুত করার ব্যবসা শুরু করেন। এর মধ্যে তিনি এলাকার ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এ বছরের প্রথম দিকে তিনি স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে চিনিশপুর এলাকার ফরিদ মিয়া, বিলাসদী এলাকার রিপন মোল্লা, আরিফুল ইসলাম, জুয়েল মিয়া, শফিকুল ইসলাম, জামাল মিয়া ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার কামাল মোল্লাসহ কমপক্ষে ১০ ব্যবসায়ীকে ‘মা এন্টারপ্রাইজের’ সঙ্গে যুক্ত করেন। গত ঈদুল আজহাকে সামনে রেখে মসলাসহ বিভিন্ন মনিহারি মালামাল সরবরাহের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ওই টাকা নেন। গত রোববার ও সোমবার ব্যবসায়ীদের কয়েকজন টাকা ফেরত দেওয়ার তাগাদা দিলে তিনি তিন দিনের সময় নেন। পরে গত সোমবার বিকেল থেকে সুব্রতের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় সোমবার রাতে ফরিদ ওই জিডি করেন। গত বৃহস্পতিবার সুব্রতের স্থায়ী ঠিকানায় গিয়ে তাঁর অস্তিত্ব পাওয়া যায়নি।

ফরিদ ও আরিফুল প্রথম আলোকে জানান, তাঁরা সুব্রতের সঙ্গে বন্ধুর মতো মিশেছেন। সুব্রত তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় ১০-২০ লাখ টাকা নিয়ে ব্যবসায়ের লভ্যাংশসহ টাকা ফেরত দিতেন। ঈদের আগে তাঁর (ফরিদ) কাছ থেকে ৪৪ লাখ, রিপন মোল্লার কাছ থেকে ১৫ লাখ, আরিফুলের কাছ থেকে ৩০ লাখ, আফজাল হোসেনের কাছ থেকে ১৬ লাখ, ভেলানগর জেলাখানার মোড় বণিক সমিতির সভাপতি জামাল উদ্দিনের কাছ থেকে সাড়ে সাত লাখ, জুয়েল মিয়ার কাছ থেকে দুই লাখ ও কমিশনার কামাল মোল্লার কাছ থেকে পাঁচ লাখ ও নরসিংদী বাজারের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মিলিয়ে প্রায় দুই কোটি টাকা নিয়ে তিনি উধাও হয়ে যান। 

নরসিংদী সদর মডেল থানার  ওসি মো. আসাদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের জিডির পরিপ্রেক্ষিতে সুব্রতকে আটকের চেষ্টা চলছে। যাতে ওই প্রতারক দেশের বাইরে না যেতে পারেন, সে জন্য বিভিন্ন জায়গায় তথ্য দেওয়া আছে।