প্রায় দেড় বছর পর অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় দিনাজপুর সদর উপজেলার কর্ণাইসহ চার গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় দুটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঘটনার প্রায় দেড় বছর পর গতকাল রোববার আদালতে জমা দেওয়া এই অভিযোগপত্রে বিএনপি-জামায়াতের ৮৯ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গতকাল দুপুরে এ অভিযোগপত্র জমা দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দিনাজপুর জোনের পরিদর্শক মো. তরিকুল ইসলাম ও মো. মানিক রেজা। আদালতের বিচারক মো. নাজমুল হোসেন অভিযোগপত্র গ্রহণ করে ৭ জুন শুনানির দিন ধার্য করেছেন।
পুলিশের ওই দুই কর্মকর্তা জানান, মামলা দুটির অভিযোগপত্রে উল্লিখিত ৮৯ আসামির মধ্যে পুলিশ ৩৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। তবে তাঁদের বেশির ভাগই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। বাকি যে ৫৬ জন পলাতক রয়েছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা (৩৭), ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. নাজির হোসেন (৪০), বিরল উপজেলার ধর্মজৈন ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম (৪৫), ইউনিয়ন জামায়াতের আমির তাজিবুর রহমান (৫০) ও সেক্রেটারি ইউনুস আলী (৪৮)।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের ৪৭ নম্বর কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট চলছিল। তবে আসামিদের নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকেরা ভোট গ্রহণ বন্ধ করে দেন। সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে ককটেল ফাটিয়ে অগ্নিসংযোগ করে। ভোটকেন্দ্রের পাশে কর্ণাই বাজারে স্থানীয় ভোটারদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এরপর আসামিরা সদর ও বিরল উপজেলার আশপাশের গ্রামগুলো থেকে বিএনপি-জামায়াত জোটের হাজার হাজার সমর্থককে নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত এবং আওয়ামী লীগ সমর্থিত কর্ণাই, প্রিতমপাড়া, ঠাকুরপাড়া ও হাজীপাড়া গ্রাম ঘেরাও করে হামলা চালান। এ সময় সংখ্যালঘু নারী-পুরুষদের মারপিট করার পাশাপাশি তাঁদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্ণাই গ্রামের গণেশ চন্দ্র রায়ের ছেলে মনোহর রায় (৩০) ও একই গ্রামের কেন্দালু চন্দ্র রায়ের ছেলে কার্তিক চন্দ্র রায় (৪৮) বাদী হয়ে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
ঘটনার পর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, শিক্ষাবিদ ড. মো. আনিসুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সারোয়ার আলী, বিশিষ্ট আইনজীবী তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা কর্ণাই গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মামলা দুটির তদন্তভার প্রথমে কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তাদের দেওয়া হয়েছিল। তবে জনগুরুত্বপূর্ণ হওয়ায় পরবর্তী সময়ে সরকারের পর্যালোচনা কমিটির নির্দেশে মামলা দুটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় দিনাজপুর সিআইডি জোনের দুজন পরিদর্শককে। তাঁরা দীর্ঘ তদন্ত শেষে আদালতে ওই অভিযোগপত্র জমা দিলেন।