প্রায় পরিত্যক্ত পরীবাগের রাস্তা

অবৈধ দখলদারদের দাপটে প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে রাজধানীর পরীবাগ থেকে বাংলামোটর সোনার তরী টাওয়ার বরাবর রাস্তাটি। রাস্তা ও ফুটপাত দখল করে চলছে ব্যবসা। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এবং সিটি করপোরেশনের একশ্রেণীর কর্মচারী ও পুলিশের সহযোগিতায় এ ব্যবসা চলছে। সরেজমিনে দেখা গেছে, এখানে ফুটপাত তো বটেই, রাস্তার এক পাশই দখল হয়ে গেছে। শাহবাগ আজিজ সুপার মার্কেটের পশ্চিম পাশ থেকে শুরু হওয়া পরীবাগের রাস্তাটির এক পাশ যান চলাচল বন্ধ রয়েছে বছর খানেক ধরে। এর ফলে পরীবাগের ভেতর দিয়ে অনেকে আর গাড়ি নিয়ে শাহবাগ বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে চান না।
পশ্চিম পাশে রাস্তার মাঝখানে ময়লার বড় কনটেইনার ফেলে তা বন্ধ করা হয়েছে। বাকি অংশে বানানো হয়েছে গ্যারেজ। সেখানে থাকে ২৫০ থেকে ৩০০ রিকশা ও ভ্যান। প্রতি রিকশা বা ভ্যান রাখার জন্য মাসে ৩০০ থেকে ৪০০ টাকা দিতে হয়। গ্যারেজ দেখাশোনা করেন সিরাজ মিয়া। এ কাজ করে তিনি মাসে পান ছয় হাজার টাকা। বাকি টাকা কোথায় যায় তা জানতে চেয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। অভিযোগ আছে, সন্ধ্যার পর এই গ্যারেজের ভ্যানের ওপর মাদক ও জুয়ার আড্ডা বসে। ফুটপাতের ওপর জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের কার্যালয়। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানা গেছে, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ও নেতারা এখানে নিয়মিত বসতেন। কিছুদিন আগে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাই হওয়ার পর তাঁদের আর দেখা যায় না। এলাকার মানুষ বলেছেন, দু-একবার রিকশা ও ভ্যানের গ্যারেজ উচ্ছেদ করা হলেও কখনো শ্রমিক লীগের কার্যালয়টি উচ্ছেদ করা হয়নি। ফুটপাত দখল করে চলছে ভাত ও চায়ের হোটেলের ব্যবসা। ব্যবসার জন্য নিয়মিত চাঁদা দিতে হয় ছোট ছোট দোকানমালিকদের।
পরীবাগ মোড় থেকে সোনার তরী টাওয়ার পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাত প্রায় পুরোটাই বেদখল। ফুটপাতসহ এ রাস্তার পুব পাশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফুটপাতের মাঝখানে সিটি করপোরেশনের তিনটি বর্জ্য ফেলার বড় কনটেইনার পড়ে আছে দীর্ঘদিন ধরে। পুরো রাস্তাটিকে ভাগাড় মনে হয়। ফুটপাতে রয়েছে ১৫-২০টি খুপরি ঘর। এই পথে কেউ হাঁটেন না।
একই রাস্তার ওপর টাইলস বিক্রি হচ্ছে উন্মুক্তভাবে, দোকান ছাড়াই। টাইলসের মালিকদের দোকান ভাড়া দিতে হয় না, তবে চাঁদা দিতে হয়। নাম প্রকাশ না করার শর্তে এক টাইলস ব্যবসায়ী বলেছেন, চাঁদা সংগ্রহ করেন একজন ‘লাইনম্যান’। টাকার ভাগ যায় স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মচারীদের একটি অংশের পকেটে। অভিযোগ আছে, টাইলস ব্যবসার সুবিধার্থে পুব পাশের রাস্তায় আড়াআড়িভাবে ময়লার এসব কনটেইনার ফেলে রাখা হয়েছে। একটি বহুতল ভবনে বসবাস করছেন এমন একজন গৃহিণী অভিযোগ করেন, সন্ধ্যার পর ওই রাস্তায় চলাচলে নিরাপদ বোধ করেন না তাঁরা।
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখার দায়িত্ব দক্ষিণ সিটি করপোরেশনের। সংবাদপত্রে লেখালেখি ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দু-একবার উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের পরদিনই আবার ফিরে আসতে দেখা গেছে দখলদারদের। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ আহমেদ প্রথম আলোকে বলেন, উচ্ছেদের বিষয়ে সিটি করপোরেশন থেকে তাঁর কাছে নির্দেশনা আসেনি। কিন্তু তার পরও তিনি মাঝে মাঝে নিজ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ হোসেন বলেন, এ পদে তিনি নতুন। তাই সব দখলের খবর এখনো তালিকাভুক্ত করে শেষ করতে পারেননি। তবে যখনই খবর পাচ্ছেন, ব্যবস্থা নিচ্ছেন। এ বিষয়েও অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।