প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের আটটি উপজেলায় ৪ লাখ ৬২ হাজার ৯০০ শিশুকে (ছয় থেকে ৫৯ মাস বয়সী) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৫ এপ্রিল জেলার আটটি উপজেলার ৭২টি ইউনিয়নের ১ হাজার ৯৫১টি টিকাদান কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘সাংবাদিকদের অবহিতকরণ সভায়’ জেলা সিভিল সার্জন মো. কমর উদ্দিন এ তথ্য উপস্থাপন করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এবার জেলায় ৪ লাখ ৬১ হাজার ৯০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৮০০ শিশুকে খাওয়ানো হবে ১ লাখ (আইইউ) নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬ হাজার ১০০ জন শিশুকে খাওয়ানো হবে দুই লাখ (আইইউ) লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল।
সিভিল সার্জন মো. কমর উদ্দিন বলেন, কর্মসূচি বাস্তবায়নের জন্য ২৩৫ জন স্বাস্থ্য সহকারীসহ ৬ হাজার ৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণে আসা পর্যটক শিশুদের জন্য সৈকতের লাবণী পয়েন্টসহ একাধিক স্থানে ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব কেন্দ্রে এ সেবা দেওয়া হবে।
সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা মহিউদ্দিন আলমগীর, ইউনিসেফ কর্মকর্তা সাইমুমুজ্জামান প্রমুখ।