প্রায় ১১ লাখ ভোটারের তথ্য সংগ্রহ
ভোটার তালিকা হালনাগাদের প্রথম ধাপে ১৮১ উপজেলা ও থানায় ১০ লাখ ৮৫ হাজার ৬৮৫ জন ভোটারের তথ্য সংগ্রহ করা করেছে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহের হার ৫ দশমিক ৩ শতাংশ। আজ শনিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, এ পর্যন্ত যাঁদের তথ্য সংগ্রহ করা হয়েছে, তাঁদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৬৪৯ জন ভোটারের নাম নিবন্ধন করা হয়েছে। এঁদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৮০৫ এবং নারী ৪৪ হাজার ৮৪৪ জন। মৃত ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন পড়েছে এক লাখ তিন হাজার ১৩২ জনের এবং ভোটার ঠিকানা স্থানান্তরের আবেদন করেছেন দুই হাজার ৯৯২ জন।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়। প্রথম ধাপে ২৮ মে পর্যন্ত ১৮১টি উপজেলার ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব উপজেলায় নিবন্ধনের কাজ চলছে। এরপর দ্বিতীয় ধাপে ২১৮, তৃতীয় ধাপে ১১৫ ও চতুর্থ ধাপে ১৬৭ উপজেলার ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
কমিশন থেকে জানানো হয়েছে, ভোটার বাড়ার হার ৫ শতাংশের কম-বেশি হতে পারে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বত্সর হবে, তাঁদের ভোটার করা হবে। নিবন্ধনের কাজ ১৫ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল ২০১২ সালে।