প্রার্থনা আর আনন্দ আয়োজনে বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করছেন এই ধর্মের মানুষেরা। রাজধানীসহ সারা দেশের গির্জাগুলোতে প্রার্থনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব পালিত হচ্ছে। আজ শুক্রবার ঢাকার অধিকাংশ গির্জায় সকাল সাতটা থেকে বড়দিনের উৎসব শুরু হয়।

বড়দিনের উৎসব উদযাপনে আজ শুক্রবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে শিশুদের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। সান্তা ক্লজ শিশুদের মাঝে চকলেট উপহার দেন। ছবি: জাহিদুল করিম
বড়দিনের উৎসব উদযাপনে আজ শুক্রবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে শিশুদের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। সান্তা ক্লজ শিশুদের মাঝে চকলেট উপহার দেন। ছবি: জাহিদুল করিম

অবশ্য গতকাল বৃহস্পতিবার রাতে গির্জায় যজ্ঞানুষ্ঠান হয়। সেখানে খ্রিষ্টধর্মাবলম্বীরা প্রার্থনায় অংশ নেন। সকালে গির্জায় প্রার্থনা শেষে বাড়িতে বাড়িতে চলছে উৎসব। বড়দিনের কেক কাটা ও ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জা করা হয়েছে। গির্জাগুলোতে গোশালায় জন্ম নেওয়া যিশুর জন্মদিনের ক্ষণটিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে বড়দিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে সান্তা ক্লজ শিশুদের নানা ধরনের উপহার দিচ্ছেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে বড়দিনের উৎসবে খেলায় মেতেছে এক শিশু। ছবি: জাহিদুল করিম
রাজধানীর সোনারগাঁও হোটেলে বড়দিনের উৎসবে খেলায় মেতেছে এক শিশু। ছবি: জাহিদুল করিম

এই পুণ্যের দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য। আজ সরকারি ছুটির দিন।

বড়দিন উপলক্ষে পৃথক বাণীতে দেশের খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মার্কিন এবং সংগঠনটির মহাসচিব নির্মল রোজারিও। বড়দিন উপলক্ষে এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, সংঘাতপূর্ণ অশান্ত এই পৃথিবীতে আজ যিশুখ্রিষ্টের আদর্শ ও শিক্ষা অনুসরণ করা জরুরি হয়ে পড়েছে। শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় যিশুখ্রিষ্টের শিক্ষা বিশেষ ভূমিকা রাখতে পারে।