প্রার্থনা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে জন্মাষ্টমী উদ্যাপন
সারা দেশে গতকাল রোববার শোভাযাত্রা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে।
গতকাল ছিল জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকালে মহানগরে শোভাযাত্রা বের করা হয়। মহানগর জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা হয়। শোভাযাত্রার আগে সাহেব বাজার হনুমান জিউর আখড়ায় পথসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
কুড়িগ্রাম: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, জেলা প্রশাসন ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে সকালে বাজার মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। শোভাযাত্রা শেষে গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়।
সিরাজগঞ্জ: জেলা পূজা উদ্যাপন পরিষদ এক সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম ছাড়াও অনেকে বক্তব্য দেন। পরে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পঞ্চগড়: দুপুরে জেলা পূজা উদ্যাপন পরিষদ স্থানীয় মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পঞ্চগড় মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।
দিনাজপুর: দুপুরে শহরের বাসুনিয়াপট্টির দুর্গামন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার রায়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়।
জয়পুরহাট: সকালে শহরের কেন্দ্রীয় শিবমন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়। পরে একটি শোভাযাত্রা শিবমন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিবাসর চত্বরে এসে শেষ হয়।
নীলফামারী: সকালে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি অক্ষয় কুমার রায়।
নাটোর: সকালে শহরে শোভাযাত্রা বের হয়। পরে শহরের লালবাজার মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।