প্রার্থনা শ্রদ্ধায় ফারাজসহ হোলি আর্টিজানে নিহতদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল ঢাকার গুলশানে তাঁর নানার বাসভবনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেন আত্মীয়স্বজন ও গুণগ্রাহীরা l ছবি: প্রথম আলো
ফারাজ আইয়াজ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল ঢাকার গুলশানে তাঁর নানার বাসভবনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেন আত্মীয়স্বজন ও গুণগ্রাহীরা l ছবি: প্রথম আলো

মাত্র কুড়ি বছর বয়সে সাহসিকতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত রেখে আত্মত্যাগ করেছেন ফারাজ আইয়াজ হোসেন। গত বছর ১ জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন তিনি। গতকাল শনিবার বাদ আসর গুলশানে ফারাজের মাতামহ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের বাসভবনে তাঁর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল মাহফিলে তাঁর চরিত্রের এই অনন্য বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

একই সঙ্গে গতকাল দেশের ২৮টি জেলায় ফারাজ আইয়াজ হোসেনসহ হোলি আর্টিজান বেকারিতে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসকেএফ, পেপসি ট্রান্সকম গ্রুপ এবং বিভিন্ন সংগঠন এর আয়োজন করে।

ঢাকার গুলশানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন নারিন্দার পীর শাহ সৈয়দ মুরাদউল্লাহ আহমেদ। তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কারিমা তিলাওয়াত ও তফসির তুলে ধরে বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাঁরা আত্মদান করেন, বা ন্যায়ের পক্ষ অবলম্বন করায় যাঁদের হত্যা করা হয়, মহান আল্লাহ পাক তাঁদেরও শহীদের দরজা দেবেন। তাই আমরা প্রার্থনা করি, এত অল্প বয়সে ফারাজ ন্যায় ও বন্ধুত্বের পক্ষ অবলম্বন করায় তাঁকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে আল্লাহ তাঁকে শহীদের অন্তর্ভুক্ত করবেন। এই তরুণের আত্মত্যাগ ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়াতে সবাইকে অনুপ্রাণিত করবে।’

 মিলাদ মাহফিলে ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন বলেন, ‘আজ এক বছর হলো ফারাজ আমাদের পরিবার থেকে চলে গেছে। এক বছর আগে এই দিনে আমাদের পরিবারে এক অন্ধকার, বিভীষিকাময় পরিস্থিতি নেমে এসেছিল। কিন্তু ফারাজের সাহসিকতা ছিল তার মধ্যে আলোকচ্ছটার মতো। সেই আলো এবং গত এক বছরে দেশে–বিদেশে চেনা–অচেনা অসংখ্য মানুষ ফারাজের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছে, সেই শক্তিই আমাদের এই বেদনাময় দিনগুলো অতিক্রম করতে সহায়তা করেছে।’ এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফারাজের এই আত্মত্যাগ তাঁদের গর্বিত করেছে।

ফারাজের মাতামহ ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘ফারাজ সেদিন যা করেছিল সেটিই বাংলাদেশের প্রকৃত শক্তি, সত্যিকারের পরিচয়। আমাদের পরিবারের ওপরে নেমে আসা সেই প্রচণ্ড দুঃসময়ের পরেও আমরা কেউ একটিবারের জন্যও ভাবিনি এ দেশ ছেড়ে যাব। এ দেশ আমাদের। সকল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রতিরোধ করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। কীভাবে তা করতে হবে, ফারাজ আমাদের সামনে সেই দৃষ্টান্ত রেখে গেছে।’ তিনি বলেন, ‘ফারাজের মতো একটি ছেলে যে আমাদের পরিবারে জন্মগ্রহণ করেছিল, সে জন্য আজ আমরা গর্বিত।’ তিনি গত এক বছর যাঁরা দেশে–বিদেশে নানাভাবে ফারাজের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেছেন, পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, মিলাদে অংশ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানান।

পরে ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবির, তারিশি জৈনসহ হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের আত্মার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের পৈতৃক বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে প্রায় চার হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়ার সালেহা ইমারত কোল্ডস্টোরেজ মিলনায়তনে স্থানীয় সাংসদ এনামুল হক গতকাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে ফারাজ আইয়াজ হোসেনকে প্রকৃত বন্ধুর দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয়। এ সময় হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সিরাজগঞ্জ: ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ শহরে সকালে শোকযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শহরের এসএস সড়ক থেকে একটি শোকযাত্রা বের করা হয়। পরে টেলিভিশন ফোরাম সিরাজগঞ্জ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্মৃতি পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনসার আলী প্রমুখ।

রাজশাহী: রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে বিকেলে হয়েছে স্মরণসভা। এর আয়োজন করেন মাসুদ করিম। সভার শুরুতে নিহত ব্যক্তিদের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। পালন করেন এক মিনিট নীরবতা।

এ ছাড়া কুমিল্লা, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, যশোর, কিশোরগঞ্জ, ফেনী, বগুড়া, নোয়াখালী, দিনাজপুর, কক্সবাজার ও চট্টগ্রামে এসকেএফ, পেপসি ও ট্রান্সকম গ্রুপের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।