প্রার্থনাকক্ষে হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাকক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রোববার মানববন্ধন শেষে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর একটি স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কালো ব্যাচ ধারণ করে ও মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন সবাই। মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র শিমুল মজুমদারের পরিচালনায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অরবিন্দ সাহা, আইন বিভাগের অধ্যাপক রেবা মণ্ডল, বাংলা বিভাগের সভাপতি গৌতম কুমার প্রমুখ। বক্তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাকক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন।
গত ২৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাকক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থীর ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সহ সম্পাদকের অনুসারী কিছু কর্মী এ ঘটনা ঘটায়। তবে কি কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।