প্রার্থনার বিফলতায় কি আমরা লাভবান হব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়াম বি. মাইলাম
উইলিয়াম বি. মাইলাম

বাংলাদেশের মুদ্রণ সংবাদমাধ্যম-জগতে শীর্ষে অবস্থানকারী প্রথম আলোর আরেকটি মাইলফলক অর্জন উপলক্ষে পত্রিকাটি অনুগ্রহ করে আমাকে দুই বছর আগের মতো আবার একটি নিবন্ধ লিখতে বলেছেন। পঞ্চদশ বর্ষ অতিক্রম করেও প্রথম আলো দেশসেবা অব্যাহত রেখেছে এবং সৎ সাংবাদিকতা ও সংবাদের অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণের মাধ্যমে স্বনামধন্য হয়েছে। এটি কেবল বাংলাদেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলোর একটি নয়, বরং আমি যোগ করতে পারি, দক্ষিণ এশিয়ার প্রধান দৈনিক সংবাদপত্রগুলোর একটি। এই সাফল্যের একটি ছোট্ট অংশ হতে পেরে আমি আনন্দিত। এই নিবন্ধের শুরুতে আমি আরও একবার পত্রিকাটির অসাধারণ সাফল্যকে অকৃত্রিম অভিনন্দন জানাই।
বাংলাদেশ সম্পর্কে আমি একজন আগন্তুকের দৃষ্টিভঙ্গি নিয়ে লিখি। কিন্তু আমি একজন দীর্ঘদিনের বন্ধু ও আশাবাদী শুভাকাঙ্ক্ষী হিসেবেও এই দেশটি সম্পর্কে লিখে থাকি। যে তিনটি বছর আমি বাংলাদেশে ছিলাম, সেই সময়টা এখনো আমার প্রিয় স্মৃতির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। আমার বিয়ে, সন্তানলাভ এবং আমার ধারণা, নির্ভাবনাময় ছাত্রাবস্থার মতো অতুলনীয় ঘটনাগুলোর পাশে এই স্মৃতির স্থান—একজন লেখক যেমন লিখেছিলেন, এরা মৌমাছির গুঞ্জরণের মতো সুতীব্র আমার ভাবনাহীন সুখী তারুণ্যের স্মৃতির মতো।

কিন্তু আমাকে অতীতের ত্রুটিগুলো স্বীকার করার মধ্য দিয়ে বর্তমান লেখাটি শুরু করতে হবে। উইলিয়াম শেক্সিপয়ার এ বিষয়ে কিছু জানতেন। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রায় তিনি লিখেছেন, ‘নিজেদের ব্যাপারে অজ্ঞ আমরা প্রায়ই নিজেদের ক্ষতির জন্য প্রার্থনা করি, আর বিজ্ঞ পরম শক্তি আমাদের ভালোর জন্য তা প্রত্যাখ্যান করেন: তাই নিজেদের প্রার্থনার বিফলতায় আমরা লাভবান হই।’ আর সেই দিনগুলোর বাস্তবতা নিয়ে চিন্তা করলে অনুভব করি, সেটি ছিল বিশ্বজুড়ে হতাশাজনক পরিস্থিতির আবির্ভাবের কাল, যা প্রতিটি রাজনৈতিক পরিমণ্ডলের জন্য হয়ে উঠেছিল আরও বিপজ্জনক। এ রকম অস্পষ্ট আলোয় সেদিকে তাকানোর ব্যাপারটাকে এখন অনেক সরল মনে হয়। আসন্ন অস্থিতিশীলতা ও রাজনৈতিক অবনতির সব কটি চিহ্নকে শনাক্ত করতে কীভাবে আমরা ব্যর্থ হয়েছিলাম? যেমনটা মার্ক অ্যান্টনি বলেছিলেন, ‘সেটি ছিল আমার যৌবনকাল, যখন বিচার-বিবেচনায় আমি ছিলাম অপরিপক্ক।’

মনে হয়, আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম, একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অধিকাংশ বাংলাদেশির অংশগ্রহণে ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলনের মূল্যবান স্মৃতিগুলো কোনো গৎবাঁধা গণতন্ত্র নয়, বরং

প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি আবির্ভূত হচ্ছে রাজনৈতিক সংকট
প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি আবির্ভূত হচ্ছে রাজনৈতিক সংকট

একটি সহযোগিতামূলক ভবিষ্যৎ ও প্রকৃত গণতান্ত্রিক রাজনীতির পথ সুগম হবে বলে একটি সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছিল। আর সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক ব্যবস্থার আদলটি ছিল দেশটির সুবিশাল নদীগুলোর মতো প্রাণসঞ্চারী, সহজ ও আশাবাদী। আমরা উপেক্ষা করেছিলাম পুনরাবৃত্তিময় বিভক্তির রাজনীতির অতীত এবং বিষাক্ত রাজনৈতিক সংস্কৃতির নির্মম উপসংহারকে।
বহির্বিশ্বের অধিকাংশের কাছেই বাংলাদেশ মানে একটি সংকট। দেশটির এসব সংকট মহামারির মতো। আমরা সবাই এ পর্যন্ত দেশটিতে বন্যা বা ঘূর্ণিঝড় বা উভয় রকমের প্রাকৃতিক দুর্যোগের মতো বার্ষিক উপদ্রবে অভ্যস্ত হয়ে উঠেছি। বাংলাদেশিরা হাজার বছর ধরে এসব দুর্যোগ মোকাবিলা করছে। আর এ কারণেই তারা সবচেয়ে বেশি সম্ভাবনাময় ও সম্পদশালী মানুষের সারিতে আছে।
পরিস্থিতিকে আরও দুর্ভাগ্যপূর্ণ করে তোলার জন্য এসব বার্ষিক প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি প্রতি পাঁচ বছর পর পর আবির্ভূত হচ্ছে মানুষের তৈরি রাজনৈতিক সংকট। দেশটিতে নির্বাচনী গণতন্ত্রের সূচনা দেখা দেওয়ার পর থেকে এমনটা শুরু হয়েছে। এসব সংকট অবশ্যই কাকতালীয়। কারণ, পাঁচ বছর পর পর নির্বাচন সম্পন্ন করার বিষয়টি দেশটির সংবিধানে সুনির্দিষ্ট করা হয়েছে। ২০০৭ সালের ব্যতিক্রমী পরিস্থিতির আগ পর্যন্ত দুর্ভাগ্যক্রমে আমরা এ রকম রাজনৈতিক সংকটে প্রায় অভ্যস্তও হয়ে পড়েছিলাম।
প্রথম তিনটি দফায় বাংলাদেশে পাঁচ বছর অন্তর রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। ১৯৯৬ সালে কঠিন উপায়ে ক্ষমতা পরিবর্তন সত্ত্বেও (তখন প্রথম নির্বাচনটি আবার অনুষ্ঠানের প্রয়োজন পড়েছিল), প্রতিটি নির্বাচনই কোনো না কোনোভাবে মধ্যবর্তী সংকট ও উত্তেজনা এবং পরবর্তী নির্বাচন নিয়ে ঝুঁকি ক্রমাগত বাড়িয়ে দিয়েছিল। এসব ঝুঁকির মধ্যে রয়েছে নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় নিরাপত্তা-সংকট এবং কখনো কখনো পরাজিত রাজনৈতিক দলগুলোর মানুষের জীবন। প্রতিটি নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিহিংসা আরও ভয়াবহ চেহারা নেয়। ক্ষমতাশীন দলগুলোর সুযোগ-সুবিধা তাদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার ব্যাপারে আরও আগ্রহী করে তুলতে থাকে।

চারটি নির্বাচন এবং পরাজিত ও বিজয়ীদের মধ্যে তিনবার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর ২০০৭ সালে ধারাবাহিকতাটি ব্যাহত হয়। আর সেই বছর জানুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে চাপ এত বেশি বেড়ে যায় যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সেটিকে সামাল দিতে পারেনি। পরিণামে সামরিক বাহিনী হস্তক্ষেপ করে। তাদের সমর্থনে নির্বাচন সম্পন্ন করতে দুই বছরের বিলম্বের ফল সবকিছু মিলিয়ে আরও খারাপ হয়েছে বলেই মনে হয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন যে সরকারটি ক্ষমতায় এসেছে, ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারাও আবার একগুঁয়ে আচরণ শুরু করল। সম্ভবত তাদের সম্ভাব্য পরাজয়-পরবর্তী বিবাদের আশঙ্কাই এ ধরনের আচরণের কারণ। তাদের বর্তমান কর্মকাণ্ড আরেকটি ১৯৯৬ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারে, যা অবৈধ বলে প্রতীয়মান হয় এমন একটি নির্বাচনের দিকে ধাবিত হবে এবং দেশ শাসনে অক্ষম প্রমাণিত হবে, ফলত এগিয়ে যাবে আরেকটি নির্বাচনের দিকে; কিংবা তা ফিরিয়ে আনবে ২০০৭ সালের ঘটনাবলিকে।

কীভাবে এই পুনরাবৃত্তি ঘটবে, সেটাই আমাদের প্রশ্ন। রাজনৈতিক নেতারা কি সাম্প্রতিক ইতিহাস থেকে কিছুই শেখেননি? এর একটি উত্তর হলো, তাঁরা সম্ভবত কেবল দুটি শিক্ষাই নিয়েছেন। একটি স্পষ্টতই নেতিবাচক: কোনো নির্বাচনে পরাজয় মানে তা মৃত্যুর চেয়েও খারাপ; আরেকটি স্পষ্টতই সুনির্দিষ্ট: কোনো নির্বাচনে জয়ের উদ্দেশ্য সরকার পরিচালনা নয়, বরং পরাজিতদের ওপর প্রতিশোধ নেওয়া এবং তাদের আর্থিক আয়ে ভাগ বসানো।

দক্ষিণ এশীয় রাজনীতির আরেকটি স্বতঃসিদ্ধ ব্যাপার রয়েছে যা বাংলাদেশি ভোটাররা শেখেননি। সেটি হলো, বড় দুই দলের কোনোটিকেই কখনো অবাধ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে নির্বাচিত করবেন না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠতাবাদ একটি ফাঁদপাতা গর্তের মতো। জিন্নাহ ও তাঁর সহকর্মীরা ভারতবর্ষে ঐক্যবদ্ধ রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে গিয়ে একটি পৃথক রাষ্ট্র চেয়েছিলেন। কংগ্রেস সে প্রস্তাব প্রত্যাখ্যান করার ফল হিসেবে দেশভাগ হয় এবং আলাদা একটি মুসলিম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। কারণ, হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদ নিয়ে জিন্নাহদের মনে শঙ্কা ছিল। পাকিস্তানের জাতীয় পরিষদে অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠতার জোরে নওয়াজ শরিফ স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে প্ররোচিত হন এবং অন্যদের হুমকি দেন। তারই পরিণামে সামরিক বাহিনী তাঁকে ১৯৯৯ সালে উৎখাত করে। আর জাতীয় সংসদে আওয়ামী লীগ তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে বাংলাদেশের সংবিধানে যে ব্যাপক পরিবর্তন এনেছে, যেগুলোই ২০১৩-১৪ নির্বাচনী সংকটের কারণ।

বাংলাদেশি ভোটাররা এই সর্বজনবিদিত ব্যাপারটি শেখেনি, এ কথা বলা অনেকটা ঠাট্টার মতো শোনাবে। সংবিধানপ্রণেতা ও রাজনৈতিক নেতাদের একটি বিষয় উপলব্ধি করা উচিত—আর এত দিনে তাঁরা নিশ্চয়ই সেটি বুঝতেও শুরু করেছেন যে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা যেখানে কোনো সরকারকে নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে অদম্য লোভে প্ররোচিত করে এবং সম্ভবত অনন্তকালের জন্য ক্ষমতা আঁকড়ে থাকতে প্রলুব্ধ করে, ওয়েস্টমিনস্টার-পরবর্তী প্রাথমিক গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা তেমন দেশের জন্য উপযোগী নয়। যেখানে গণতন্ত্রের পরিধি বাড়ানোর জন্য দীর্ঘ কঠোর ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে আপস, মীমাংসা ও অন্যকে অন্তর্ভুক্ত করার চেতনা—যা কিনা প্রকৃত গণতন্ত্রের আসল উপাদান—ধীরে ধীরে সঞ্চারিত হয়েছে, সেসব দেশে হয়তো ব্যবস্থাটি ফলপ্রসূ হতে পারে। এমনকি খোদ ওয়েস্টমিনস্টারের ইতিহাসও ৫০০/৬০০ বছরের পুরোনো।

তাই এসব পরামর্শ বন্ধ করে প্রথম আলোয় প্রকাশিতব্য লেখাটি আমি শেষ করব এই একান্ত আশাবাদ ব্যক্ত করে যে, প্রধান রাজনৈতিক দলগুলো একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাবে। তাতে সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আরেকটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম হবে—যদি ওই নির্বাচনের মাধ্যমে তা সম্ভবপর হয়। আমি আরও বলতে চাই, কোন দল জয়ী হলো, সেটা বড় কথা নয়; আমি আশা করব, তারা একচ্ছত্র নয়, অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে। নইলে আবারও তা সংখ্যাগরিষ্ঠতাবাদের অপ্রতিরোধ্য পথে এগিয়ে যাবে।

আশা করি, নতুন সরকার চলবে সংসদের মাধ্যমে এবং উভয় পক্ষের জন্যই রাজনৈতিক সমঝোতার জোরালো প্রশিক্ষণের প্রয়োজন পড়বে। আমি আরও আশা করি, দেশটির রাজনৈতিক ব্যবস্থাকে যুগোপযোগী পরিবর্তনের জন্য সেই সংসদ জোরালো উদ্যোগ নেবে এবং তা সহযোগিতা ও সমঝোতার বিষয়গুলো নিশ্চিত করবে। তা ছাড়া ২৩ বছরের তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি আসলে দেশটির বিচার বিভাগ ও প্রশাসনকে প্রায় ধ্বংস করে দিয়েছে, যা কিনা প্রকৃত গণতন্ত্রের হাড়-মাংস বলে বিবেচিত হয়। আশা করব, আগামী সরকার এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ শুরু করবে।

আর অবশেষে, প্রথম আলোর মতো একটি চমৎকার পত্রিকার জন্য আবারও অভিনন্দন।

ইংরেজি থেকে অনূদিত