প্রার্থিতা, প্রতীক কিছুই নেই, তবু প্রচারণা!
প্রতীক ও প্রার্থিতা কিছুই নেই তাঁর। তবু চালাচ্ছিলেন প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ‘চশমা’ প্রতীকে ভোট প্রার্থনা করছিলেন। এমনকি তাঁর পক্ষে মাইকিংও নেমেছিল রাস্তায়। শেষে গত সোমবার নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ গিয়ে নিরস্ত করল তাঁকে ও তাঁর সমর্থকদের। নির্বাচন করতে ইচ্ছুক এমনি এক প্রার্থীর সন্ধান পাওয়া গেছে রাজশাহীর বাগমারায়। উপজেলার তাহেরপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি।সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবু নঈম শামসুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেন। গত ১৫ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। তবে শামসুর রহমান আয়করের তথ্য গোপন রেখেছেন বলে জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং মেয়র পদে প্রার্থী জাহেদুর রহমান লিখিত অভিযোগ দেন। গত ২২ ডিসেম্বর শুনানি শেষে শামসুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়। এরপর অন্য প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেন। থেমে থাকেননি শামসুর রহমানও। প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট পিটিশন করেন বলে দাবি করছেন তিনি। কয়েক দিন ধরে তিনি এলাকায় প্রচারণা অব্যাহত রেখেছেন। ‘চশমা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগসহ এলাকায় মাইকিংও করছেন তিনি। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। তাহেরপুরের বাসিন্দা দেলবর আলী জানান, গত সোমবার বিকেলে পৌর এলাকায় মেয়র শামসুর রহমানের পক্ষে চশমা প্রতীকে ভোট চেয়ে মাইকে প্রচারণা চালানো হয়। এ ছাড়া গণসংযোগ করতেও দেখা গেছে তাঁকে। তাহেরপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গত সোমবার বিকেলে শামসুর রহমানের পক্ষে মাইকে প্রচারণা চালানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ মাইকটি বন্ধ করে দিয়েছে। তাঁর প্রার্থিতা বৈধতার কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে কর্তৃপক্ষের নির্দেশে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত শামসুর রহমান জানান, রিট পিটিশনের রায় তাঁর পক্ষে এসেছে। আদালত তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ-সংক্রান্ত কাগজ তাঁর হাতে রয়েছে বলে দাবি করেন তিনি। উপজেলা রিটার্নিং কর্মকর্তা এস এম আবু হোরায়রা প্রথম আলোকে জানান, শামসুর রহমানকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এ-সংক্রান্ত কোনো নির্দেশও আসেনি। রায়ের কাগজ দেখতে চাইলেও তিনি দেখাতে পারেননি। তাঁকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের প্রচারণা চালালে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।