প্রার্থিতা না থাকলেও পেলেন ৩৫৮১ ভোট
প্রার্থীর তালিকায় নাম না থাকার পরও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জরিনা বেগম তিন হাজার ৫৮১ ভোট পেয়েছেন।
নবাবগঞ্জ উপজেলার ভোটার না হয়েও প্রতিবেশী রিনা বেগম নামের এক নারীর ভোটার নম্বর ও ঠিকানা ব্যবহার করে জরিনা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আখেরুর রহমান ৩ মার্চ জরিনা বেগম নামের কোনো ভোটার উপজেলায় নেই বলে প্রত্যয়নপত্র দেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেন।
আখেরুর রহমান জানান, আইন অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলার ভোটার না হলে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
এ ঘটনায় ১৩ মার্চ প্রথম আলোয় ‘ভাটার নন, অন্যের নামে মনোনয়নপত্র দাখিল করে প্রার্থী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরও জরিনা বেগমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নবাবগঞ্জ নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে হাঁস প্রতীক পেয়েছে তিন হাজার ৫৮১ ভোট। আখেরুর রহমান জানান, জরিনা বেগমের বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।