পাবনার সাঁথিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত শনিবার তিনি সাংবাদিকদের কাছে একটি লিখিত বিবৃতি পাঠিয়ে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি জানান, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থে এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম ও প্রার্থিতা প্রত্যাহার করলাম। সেই সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমার কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানাচ্ছি।’
সাইফুল ইসলাম প্রথম আলোর কাছে মুঠোফোনে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের কথা স্বীকার করেন। বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘১৩ ডিসেম্বরের আগে মনোনয়ন প্রত্যাহার করে নিলে আমাকে বহিষ্কার হতে হতো না। এখন দল আমার বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করবে।’