চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা নির্বাচনে ইসলামী ফ্রন্ট-সমর্থিত মেয়র প্রার্থী আবু তাহের মোজাহাদী গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি পৌরসভা ইসলামী ফ্রন্টেরও সভাপতি। তবে কাউকে না জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন বলেন, আবু তাহের মোজাহাদীকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু তিনি দলের কারও সঙ্গে পরামর্শ না করে নিজেই মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেওয়ায় কেন্দ্র থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে আবু তাহের মোজাহাদী বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচন করতে অপারগতা প্রকাশ করেছিলাম। তবু জোর করে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পারিবারিক চাপের কারণে তিনি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, শারীরিক অবস্থা ভালো না হওয়ায় দলের কাউকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করার বিষয়টি জানাতে পারেননি।