প্রার্থিতা প্রত্যাহারপত্রে আগাম সই নিয়ে নিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-দলীয় কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে প্রার্থিতা প্রত্যাহারপত্রে আগাম সই নিয়ে রেখেছেন ঢাকা-১১ আসনের (বাড্ডা-রামপুরা) সাংসদ এ কে এম রহমতুল্লাহ।
কয়েকজন কাউন্সিলর প্রার্থী জানান, গতকাল শুক্রবার বেলা তিনটায় সাংসদ তাঁর গুলশানের বাসভবনে ওই তিনটি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের ডেকে প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই করার নির্দেশ দেন। যাঁদের সই দেওয়া বাকি আছে তাঁদেরও অবিলম্বে প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই দিয়ে সাংসদের কাছে জমা দিতে বলা হয়েছে। এ তিনটি ওয়ার্ড রাজধানীর রামপুরা ও বাড্ডা থানার অন্তর্ভুক্ত।
দুজন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘সাংসদ রহমতুল্লাহ আমাদের বলেন যে নেত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী দিতে হবে। আপনারা যাঁরা এখানে উপস্থিত আছেন। এতে প্রার্থিতা প্রত্যাহারপত্রে স্বাক্ষর করে যান। আমরা ভয়ে স্বাক্ষর দিয়ে এসেছি।’
জানতে চাইলে এ কে এম রহমতুল্লাহ বলেন, ‘হ্যাঁ আমার বাসায় একটা বৈঠক হয়। আমি বক্তৃতা দেওয়ার সময় বলি—যাঁরা পার্টিকে ভালোবাসেন তাঁরা এখানে (প্রত্যাহারপত্র) স্বাক্ষর করে যাবেন। এরপর অনেকে স্বেচ্ছায় স্বাক্ষর করেছেন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ও ওই এলাকার বেশ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থী জানান, ২১ নম্বর ওয়ার্ডের ওসমান গণি; ২২ নম্বর ওয়ার্ডের লিয়াকত আলী, আবদুল কাইয়ুম, এম আইয়ুব আকরাম ও ২৩ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমেদ ও কামরুজ্জামান বাদল প্রার্থিতা প্রত্যাহারপত্রে স্বাক্ষর নেন। এ ছাড়া ওই তিনটি ওয়ার্ডের আওয়ামী লীগের যেসব কাউন্সিলর আসেননি তাঁদের অবিলম্বে প্রত্যাহারপত্রে স্বাক্ষর করাতে ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেককে দায়িত্ব দেন।­
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘প্রত্যাহারপত্রে আগাম সই নিয়ে রাখার বিষয়ে আওয়ামী লীগের দলীয় কোনো সিদ্ধান্ত নাই। এ কে এম রহমতুল্লাহ হয়তো উনার নির্বাচনী এলাকায় এটা করে থাকতে পারেন।’
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা ২০১০-এর ৭৩ অনুচ্ছেদের (ক) ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তিকে কোনো নির্বাচনে ভোট প্রদান করিতে বা উহা হইতে বিরত থাকিতে অথবা নির্বাচনের প্রার্থী হইতে বা প্রার্থিতা প্রত্যাহার করিতে প্ররোচিত বা বাধ্য করিবার উদ্দেশ্যে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, তিনি নিজে বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে-(অ) কোনো প্রকার শক্তি, ত্রাস বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা ভীতি প্রদর্শন করেন; (উ) কোনো সরকারি প্রভাব বা সরকারি পৃষ্ঠপোষকতা ব্যবহার করেন। তাহলে ওই ব্যক্তি ন্যূনতম ছয় মাস ও অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।’
নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১০ এপ্রিল। ওই তিন সিটি করপোরেশনে ভোট হবে ২৮ এপ্রিল।