প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই করে দলীয় কার্যালয়ে জমা
দলীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী কাউন্সিলর প্রার্থীরা। এ কারণে তাঁরা প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই করে তা দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। দলীয় একক সমর্থন চূড়ান্ত হলে বাকিদের প্রার্থিতা প্রত্যাহারপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
প্রার্থীরা স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহারপত্রে আগাম সই করেছেন বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও কাউন্সিলর সূত্রে জানা গেছে। এ ক্ষেত্রে প্রার্থীরা দলীয় কোনো চাপের কথাও অস্বীকার করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর ও দক্ষিণ এলাকার নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ওই বৈঠকে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত হতে পারে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।
আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গত রোববার ঢাকা দক্ষিণ এবং গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের দলীয় সমর্থনপ্রত্যাশী কাউন্সিলর প্রার্থীরা দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁরা প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই করে জমা দিয়ে যান। যেসব প্রার্থী আসতে পারেননি, তাঁরা প্রত্যাহারপত্র লোক মারফত পাঠিয়ে দেন বলে জানা গেছে।
ঢাকা উত্তরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৈমুর ফারুক প্রথম আলোকে বলেন, আমি ফরমে সই করে তা ধানমন্ডির কার্যালয়ে জমা দিয়েছি। তবে কোনো চাপে নয়, স্বেচ্ছায় জমা দিয়েছি। যাঁকে সমর্থন দেওয়া হয়, তা মেনে নেব। একইভাবে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওবায়েদ সিদ্দিকী মনোনয়নপত্র প্রত্যাহারপত্রে সই করে তা দলীয় কার্যালয়ে জমা দেওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন। তিনি বলেন, স্বেচ্ছায় আমি জমা দিয়েছি। এখন দল সমর্থন দিলে নির্বাচন করব, না দিলে সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করব।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডে আমাদের একক কাউন্সিলর প্রার্থী দেওয়ার দলীয় সিদ্ধান্ত আছে। দলের সিদ্ধান্ত অনুসারে যে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে, তাঁর পক্ষে অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহারে সম্মত হয়েছেন। এ ক্ষেত্রে কাউকে চাপ দেওয়া হয়নি। দল করেন বলেই তাঁরা দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়েছেন।’
উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের পর ওয়ার্ড কাউন্সিলর পদে একক প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় গুছিয়ে এনেছেন আওয়ামী লীগের নেতারা। সমর্থনপ্রত্যাশীরা আগাম প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই করায় তাঁদের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। কিছু এলাকায় স্থানীয় সাংসদেরা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে কথা বলে সমর্থন চূড়ান্ত করে ফেলেছেন। দলীয় নির্দেশ অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে একজন প্রার্থী আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করবেন।
তবে কোথাও কোথাও কাউন্সিলর সমর্থন নিয়ে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে স্থানীয় সাংসদদের মতভিন্নতা হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত কমিটি ক্ষেত্র বিশেষে মতভিন্নতাসহ খসড়া তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলর প্রার্থী বাছাই করার জন্য ঢাকা মহানগরের ১৫টি নির্বাচনী এলাকা ধরে আওয়ামী লীগের ১৫টি কমিটি করে দেন। দলের একজন জ্যেষ্ঠ নেতা ও স্থানীয় সাংসদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।