প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মুহা. আসাদুজ্জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মুহা. আসাদুজ্জামান বলেন, ‘আমরা মনে করেছিলাম ২১ নম্বর ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ উন্মুক্ত রাখবে। কিন্তু গতকাল শেষ দিনেও তা করা হয়নি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।’

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক ছিল গতকাল। ওই বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের প্রতি ক্ষোভ দেখান। বৈঠকে বলা হয়, এ আসনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী এম এ হামিদ খান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল বলেন, ‘আমরা মনে করেছিলাম, এটি উন্মুক্ত রাখা হবে। তা না হওয়ায় আজ সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলেছি।’