প্রার্থিতা প্রত্যাহারের 'চাপে' আ.লীগের তিন বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। নেতা-কর্মীরা বলছেন, বিদ্রোহী প্রার্থীদের সামাল দেওয়া না গেলে ভোটের ফলাফলে প্রভাব পড়বে। স্বস্তিতে নেই বিদ্রোহী প্রার্থীরাও। মনোনয়নপত্র প্রত্যাহারের ‘চাপ’ রয়েছে তাঁদের ওপর। গত বুধবার মিরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর ওপর হামলাও হয়েছে।
দলের সিদ্ধান্তের বাইরে মিরসরাইয়ে একজন এবং বারইয়ারহাটে দুজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মিরসরাইয়ের বিদ্রোহী প্রার্থীর দলীয় পদবি নেই। বারইয়ারহাটের দুজনই পৌর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তবে তিনজনই নিজেকে ‘বিদ্রোহী’ ভাবতে নারাজ। নিজেদের স্বতন্ত্র প্রার্থী বলছেন তাঁরা।
মিরসরাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন। তিনি পৌর আওয়ামী লীগেরও সভাপতি। এখানে আওয়ামী লীগ সমর্থক মোজাহের হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বুধবার বিকেলে মিরসরাই পৌরসভার কলেজ রোড এলাকায় তাঁর ওপর হামলা করে ১০ থেকে ১৫ জন যুবক। ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেননি তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান গুলিস্তান ফিলিং স্টেশনে মোজাহের হোসেন প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা আমার ওপর হামলা করতে পারে, তা বিশ্বাস করি না। এ কারণে লিখিত অভিযোগ দিইনি। তবে আক্রমণের পর সর্বোচ্চ মহল থেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপ আসছে আমার ওপর। কিন্তু আমার সমর্থকেরা বলছে, তারাই নির্বাচনের প্রচারণাসহ আনুষঙ্গিক কার্যক্রম গুছিয়ে নেবে। রোববার সিদ্ধান্ত জানাব, কী করব।’
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিজেদের মধ্যে সমস্যার কারণে তিনি (মোজাহের হোসেন) আক্রান্ত হয়েছেন। একজন প্রার্থী হিসেবে আমি চাই না কেউ আক্রান্ত হোক। তবে তিনি দলের কেউ নন। স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে মাথাব্যথার কিছু নেই।’
মিরসরাই পৌরসভায় মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত এ জেড এম রফিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আরিফ মাঈন উদ্দিন ও জাতীয় পার্টির মো. এরশাদ উল্ল্যাহ। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বটতল এলাকায় জনসংযোগ করেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘গত বুধবার আওয়ামী লীগ সমর্থক এক প্রার্থীর ওপর হামলার পর বাড়ি গিয়ে আমার নাম ধরে খোঁজাখুঁজি করেছে একদল যুবক। বিএনপির নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে। আতঙ্কের মধ্যে প্রচারণা চালাচ্ছি।’
পৌর এলাকার ভোটার দেলোয়ার হোসেন বলেন, এক প্রার্থীর ওপর হামলার পর পৌর এলাকায় একটু আতঙ্ক আছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই মেয়র নির্বাচিত হবেন, তাঁকেই মেনে নেবেন ভোটাররা।
মিরসরাই পৌরসভার মতো একই অবস্থা বারইয়ারহাট পৌরসভা নির্বাচনেও। এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নিজাম উদ্দিন। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতিও। বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. ফজলুল করিম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম। দলের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের ফলাফলে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নেতা-কর্মীরা।
পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ‘আমি বিদ্রোহী নই, স্বতন্ত্র হিসেবেই নির্বাচনে লড়ছি। তারপরও মনোনয়ন প্রত্যাহারের চাপ নিয়ে প্রচারণা চালাচ্ছি।’ কারা চাপ দিচ্ছে, জানতে চাইলে সুনির্দিষ্টভাবে কারও কথা উল্লেখ না করে তিনি বলেন, ‘প্রশাসনযন্ত্র ও দল থেকে চাপ দেওয়া হচ্ছে।’ অন্য স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমও চাপে আছেন বলে জানান ফজলুল করিম।
এ বিষয়ে চেষ্টা করেও রেজাউল করিমের বক্তব্য পাওয়া যায়নি।
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থী নিয়ে কোনো চিন্তা নেই। সেটি দলীয় পর্যায় থেকে দেখা হচ্ছে।
বারইয়ারহাট পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হলেন মঈন উদ্দিন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা গণপূর্তমন্ত্রীর এলাকা। নির্বাচন সুষ্ঠু না হলে দায়ী করবে মন্ত্রীকে। আমরা আশা করব, নির্বাচনে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না।’