প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল রোববার কাদের সিদ্দিকীর আবেদনটির শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) রাখেন। এ সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের অনুলিপি নিয়ে তাঁকে নিয়মিত আপিলের আবেদন করতে হবে।
গতকাল চেম্বার আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী ইয়াসীন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পবিত্র হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে লতিফ সিদ্দিকী পদত্যাগ করেন। এতে শূন্য হওয়া ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন কাদের সিদ্দিকী। তবে রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর রিট আবেদনের ওপর রায় দেন। এতে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গতকাল আবেদন করেন তিনি।