প্রার্থিতা ফিরে পেলেন কাউন্সিলর
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও উপজেলা যুবদলের সদস্য সৈয়দ জামাল হোসেন উচ্চ আদালতে আপিল করে গতকাল মঙ্গলবার প্রার্থিতা ফিরে পেয়েছেন। ওই ওয়ার্ডে তাঁর ভাই সৈয়দ কামরুল হোসেনও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সৈয়দ জামাল হোসেন বলেন, তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেছেন। কিন্তু মনোনয়নপত্র বাছাইকালে ঋণ পরিশোধের ব্যাংক রসিদের মূল কপি না থাকার কারণে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বাতিল করেন। বিষয়টি নিয়ে আপিল করলে গতকাল শুনানি শেষে উচ্চ আদালত তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এখন প্রচার চালাচ্ছেন।
একই ওয়ার্ডে ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে জামাল বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরদিন আদালতের নির্দেশনা আসায় এখন আর ছোট ভাই সৈয়দ কামরুল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করতে পারছেন না। তবে সে প্রচারণায় নীরব থেকে আমার পক্ষে কাজ করছে।’