টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
কাদের সিদ্দিকীর করা রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. মিফ্তাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুলও দিয়েছেন। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, টাঙ্গাইলের জেলা রিটার্নিং কর্মকর্তাসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রুবায়েত হোসেন ও রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
আদেশের পর রাগীব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের আদেশের পর তিনি এখন নির্বাচনে অংশ নিতে পারবেন।
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হন লতিফ সিদ্দকীর ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে ১৩ অক্টোবর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ১৯ অক্টোবর নির্বাচন কমিশনে কাদের সিদ্দিকীর আপিল টেকেনি। পরে গত মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী।