প্রার্থিতা ফিরে পেলেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ছয়জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থায়ীভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে মনোনয়নপত্র-সংক্রান্ত আপিল নিষ্পত্তি সভায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহসীন আলী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং যুক্তিতর্ক শেষে চারজনের বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে দুজনের মনোনয়নপত্র স্থায়ীভাবে অবৈধ ঘোষণা করেন।
সভায় জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনসহ মনোনয়নপত্র বাতিল হওয়া ছয়জন প্রার্থী উপস্থিত ছিলেন।
আপিল করে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা কাজী মোফাখখারুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়নব পারভীন প্রার্থিতা ফিরে পেয়েছেন। উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সাইদ মেহেদী ও বিএনপির নেতা আবদুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা বহাল রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুজন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
গত ১৭ ফেরুয়ারি কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে ঋণখেলাপি হওয়ায় এবং শিক্ষাগত সনদ দাখিল না করায় ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।