প্রার্থিতা ফিরে পেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় স্বামীর খেলাপি ঋণের দায়ে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাহিমা আক্তার। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আপিল শুনানি শেষে জেলা প্রশাসক মাহবুব হোসেন এ রায় দেন।
রাহিমা বলেন, ‘গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন সকালে স্থানীয় কৃষি ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আমার স্বামী আবদুল হামিদ ঋণখেলাপি এ কথা জানিয়ে সখীপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মাহমুদুল হাসান ওই দিন দুপুরের দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেন। ওই দিনই এ অভিযোগে আমাকে মুঠোফোনে ডেকে এনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম আমার মনোনয়ন বাতিল করেছেন বলে জানান। পরের দিন জেলা প্রশাসকের কাছে আপিল আবেদন করলে শুনানি শেষে গতকাল বিকেল চারটার দিকে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা ফিরে পাওয়ায় ভালো লাগছে।’ তিনি জানান, গৃহ ও কৃষি ঋণখেলাপি ব্যক্তিরা অযোগ্য নন। এ ছাড়া তিনি ঋণখেলাপি নন।