প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী গোলাম মুহাম্মদ রাব্বানী প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।

প্রার্থীর মা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন্নেছা হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ডে ১৮ হাজার টাকা ঋণ রয়েছে বলে অভিযোগ এনে গোলাম মুহাম্মদ রাব্বানীর মনোনয়নপত্র বাতিল করেন। পরে আপিল কর্তৃপক্ষ কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের কাছে আপিল করি। ১০ ডিসেম্বর সেখানেও তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। গত রোববার উচ্চ আদালতে আপিল করলে গতকাল মঙ্গলবার শুনানি শেষে তাঁর মনোনয়নপত্রের বৈধতা বহাল রাখেন আদালত।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি শুনেছি। নথিপত্র হাতে পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় আরও দুই মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের মিজানুর রহমান ও একই দলের ‘বিদ্রোহী’ চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারী।