হবিগঞ্জে একজন মেয়র, তিনজন কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত শোনানো হয়।
হবিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে নানা ভুলত্রুটি ও তথ্য গোপনের জন্য হবিগঞ্জ পৌরসভার এক মেয়র প্রার্থীসহ ছয়জন কাউন্সিলর, নবীগঞ্জ পৌরসভায় চারজন, শায়েস্তাগঞ্জ পৌরসভায় দুজন, মাধবপুর পৌরসভায় তিনজন ও চুনারুঘাট পৌরসভার একজন মেয়র প্রার্থীসহ ১৭ জনের মনোনয়ন বাতিল হয়। পরে ১৭ জনই মনোনয়ন ফিরে পেতে আপিল করেন।
আপিল কর্তৃপক্ষ গতকাল হবিগঞ্জ পৌরসভায় ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থী আবদুল কাদির, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রেজিয়া সুলতানা, ৭ ,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী প্রার্থী অর্পণা পাল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আবদুল হান্নান; নবীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রুকেয়া বেগম ও একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী নুরু মিয়া ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মখলিছ মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।